শিগগিরই আত্মজীবনী প্রকাশ করবেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খানের আত্মজীবনী লেখার কাজটি প্রায় শেষের পথে। সম্প্রতি শাহরুখ গ্রন্থ আকারে তাঁর এ আত্মজীবনী প্রকাশের পরিকল্পনা করছেন বলে এক খবরে জানিয়েছে পিটিআই।এ প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘আমি লেখা চালিয়ে যাচ্ছি। যে অংশটি এখনো বাকি আছে, সেটি কলকাতা নিয়ে। কিছুদিন ‘জাব তাক হ্যায় জান’ ছবির কারণে খুব ব্যস্ত ছিলাম। একদমই লেখার ফুরসত পাইনি।’ সম্প্রতি কলকাতায় সংবাদমাধ্যমের কাছে এ কথা জানিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।সম্প্রতি ১৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব উপলক্ষে অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ আরও বেশ কয়েকজন বলিউডের তারকা আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন কলকাতায়।আত্মজীবনী রচনায় শাহরুখ তাঁর শৈশবের গল্প থেকে পাঠককে নিয়ে যাবেন রুপালি পর্দায় অভিষেকের কাহিনিতে। তিনি বলেন, ‘এ লেখায় আমার জীবনের সুখস্মৃতিময় কোনো কিছুই বাদ দিতে চাইনি আমি।’ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, বইটির নাম হতে পারে ‘টোয়েন্টি ইয়ার্স ইন আ ডিকেড’। এ আত্মজৈবনিক রচনায় শাহরুখ পাঠকদের নিয়ে গেছেন তাঁর শৈশবের কাহিনিতে। নিয়ে গেছেন এমন সময়ে, যেখানে শৈশবের শাহরুখ সময় পেরিয়ে ১৯৮৮ সালে একটি টিভি ধারাবাহিকে অভিনয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে যেভাবে রুপালি পর্দায় তাঁর অভিষেক হয়েছিল। সেসব সুখস্মৃতিচারণা আর জীবনের মুহূর্ত বয়ানের জন্যই তিনি লিখেছেন এই আত্মজীবনী।প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শুভেচ্ছাদূত ৪৭ বছর বয়সী শাহরুখ কথা প্রসঙ্গে কলকাতার সংবাদমাধ্যমগুলোর কাছে বাংলা ছবিতে অভিনয়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলা ছবিতে অভিনয় করার সুযোগ পেলে তিনি সম্মানিত বোধ করবেন, কিন্তু যেহেতু তিনি বাংলা ভাষা জানেন না; এ কারণে অভিনয় করাটা একটু কঠিনই হবে।