শিডিউল ফাঁসালেন বাঁধন
মাহফুজ আহমেদ পরিচালিত ‘চৈতা পাগল’ নাটকের মদিনাকে আর দেখতে পাবে না টেলিভিশন দর্শকেরা। অপেশাদারি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য পরিচালক অনেকটা বাধ্য হয়ে এ ধারাবাহিক নাটক থেকে বাদ দিয়েছেন তাঁকে। মদিনা চরিত্রে এত দিন অভিনয় করে আসছিলেন বাঁধন। এরই মধ্যে নাটকটির ৫০তম পর্ব প্রচারও হয়ে গেছে। ধারণ করা হচ্ছে, ৬০তম পর্ব থেকে বাঁধনকে আর দেখা যাবে না। তাহলে কে হচ্ছেন পরবর্তী মদিনা? নাটকটির পরিচালক মাহফুজ আহমেদ বলেন, ‘এবারের লটের শুটিংয়ের জন্য গত প্রায় এক মাস ধরে বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু সে কোনোভাবেই চৈতা পাগল ইউনিটের কারও সঙ্গে কোনো যোগাযোগ করছিল না। তার বাসায় লোক পাঠানোর পরও সে কোনো ধরনের সাড়া দেয়নি। অবশেষে গত মঙ্গলবার হঠাত্ বাঁধন জানায় সে আর শুটিং করবে না। এ অবস্থায় আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। শুরু হলো মদিনার বিকল্প একজনকে খোঁজার।’মাহফুজ আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার এই দীর্ঘ অভিনয়জীবনে কোনো শিল্পী কাছ থেকে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিনি। অথচ বাঁধনের কাছ থেকে সেটা দেখতে হলো। আমি বিস্মিত হয়েছি।’অবশ্য প্রথম দিকে অভিযোগ অস্বীকার করলেও পরে বাঁধন বললেন, ‘আমি আসলে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তা ছাড়া বিয়ের পর থেকে নিজেকে সংসারেই বেশি ব্যস্ত রাখতে চেয়েছি। তাই অনেক দিন ধরে চৈতা পাগল নাটকের সঙ্গে সংশ্লিষ্টদের কাজ করতে না পারার বিষয়টা বলে আসছিলাম। কিন্তু তাঁরা বিষয়টাকে সেভাবে হয়তো গুরুত্ব দেননি। এতে তো আমার কিছু করার নেই।’পরিচালক সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি থেকে নতুন মদিনাকে নিয়ে চৈতা পাগল নাটকের শুটিং শুরু করবেন তিনি।