শিনা চৌহানের এক ঢিলে দুই পাখি
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তৈরি প্রতিদিনের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অনেকেরই নজর কেড়েছিলেন শিনা চৌহান। সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য বাংলাদেশে এসেছিলেন তিনি। ফাঁকে ‘স্টারস আইকন’ নামের আরো একটি অনুষ্ঠান করে গেলেন শিনা। ‘স্টারস আইকন’ প্রচারিত হবে এবারের ঈদে।গত মাসের শেষের দিকে শিনা ঢাকায় আসেন। উপস্থাপনা করেন গ্রামীণফোন ও চ্যানেল নাইনের যৌথ উদ্যোগে নির্মিত ‘টিউন ফ্যাক্টরি’। যাওয়ার আগে আরও একটি অনুষ্ঠান করলেন শিনা। এবারের অনুষ্ঠানটির নাম ‘স্টারস আইকন’। অনুষ্ঠানটি ঈদে চ্যানেল নাইনে দেখানো হবে বলে চ্যানেল সূত্রে জানা গেছে।অনুষ্ঠানটির প্রযোজক মাহফুজুর রহমান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, স্টারস আইকন অনুষ্ঠানটি মূলত আড্ডা আর নানা ধরনের মজার খেলা দিয়ে সাজানো হয়েছে। ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকজন মডেল তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। ইতিমধ্যে এফডিসিতে এর শ্যুটিংও শেষ হয়েছে। প্রযোজক জানিয়েছেন, অনুষ্ঠানে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের সঙ্গে অংশ নেন এই প্রজন্মের তারকা সারিকা, ফারিয়া ও রাখি। আড্ডার আমেজের এই অনুষ্ঠানে এঁরা সবাই জুটি হয়ে অংশ নিয়েছেন নানা মজার খেলায়। ছিল গানও। আর গানে অংশ নিয়েছেন শূন্য ব্যান্ডের এমিল। তাঁর পরিবেশনায় ‘শত আশা’ গানটির মধ্য দিয়ে শেষ হবে স্টারস আইকন অনুষ্ঠানটি।কলকাতার মেয়ে শিনা ২০১০ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় জিতেছিলেন ‘আই অ্যাম ভায়েস’ পুরস্কার। অভিনয় করেছেন মালয়ালম ভাষার ছবি ‘দ্য ট্রেন’ এবং বুদ্ধদেব দাশগুপ্তের দুটি হিন্দি ছবি ‘মুক্তি’ ও ‘পত্রলেখা’য়।