শিমু থেকে শিমু হওয়ার গল্প

ডালিয়াকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল তার পরিবার। তাই বাড়ি থেকে পালিয়ে যায় ১২ বছর বয়সী মেয়েটা। তারপর কত যুদ্ধ! কিছুদিন এক বাড়িতে কাজ করার পর এই গার্মেন্টস, সেই গার্মেন্টস ঘুরে ঘুরে অবশেষে সে নিজেকে প্রতিষ্ঠিত করে একজন শ্রমিকনেতা হিসেবে।
এই সত্য ঘটনা অবলম্বনেই সাজানো হয়েছে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র মেড ইন বাংলাদেশ–এর চিত্রনাট্য। বাংলাদেশ, ফ্রান্স, ডেনমার্ক ও পর্তুগালের যৌথ প্রযোজিত এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে টরন্টো চলচ্চিত্র উৎসবে। ৫ থেকে ১৫ সেপ্টেম্বর চলবে এই উৎসব। ছবির নামভূমিকায় যিনি অভিনয় করেছেন, তিনি রুবাইয়াত হোসেনের আগের ছবি আন্ডার কনস্ট্রাকশন–এর ময়না, মেড ইন বাংলাদেশ–এর শিমু। তিনি রিকিতা নন্দিনী। মজার ব্যাপার হচ্ছে, তাঁর ডাকনামও কিন্তু শিমু।
টোকাই নাট্যদল দিয়ে অভিনয়ের জগতে যাত্রা শুরু হয়েছিল রিকিতার। ইউনিসেফ প্রযোজিত ও আবুল হায়াৎ পরিচালিত ধারাবাহিক নাটক আলো আমার আলোর আলো হয়েছিলেন। এরপর তাঁকে দেখা গেল তারেক মাসুদের রানওয়ে চলচ্চিত্রে। শিউলি চরিত্রে।
আন্ডার কনস্ট্রাকশন ছবিতেই রিকিতার প্রথম শাহানা গোস্বামী, রাহুল বোসদের মতো আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়। ছবির প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার একটি চলচ্চিত্র উৎসবেও অংশ নেন তিনি। এরপর কাজ করেন বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক উজান গাঙ্গের নাইয়াতে। তারপরই প্রস্তাব পান মেড ইন বাংলাদেশ–এ। চিত্রনাট্য পড়ার পর রিকিতা নন্দিনীর এতটাই পছন্দ হয় যে পরের এক বছর তিনি অন্য কোনো কাজ করেননি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের অফিসে বসে শিখেছেন ইলেকট্রিক সেলাই মেশিন চালানোর কলাকৌশল।
টানা দুই মাস মহড়া হয়েছে। তারপর ঢাকার নাখালপাড়া, আগারগাঁও, খিলখেত, গাজীপুরে ২০১৮ আলের ১৭ এপ্রিল থেকে ৩ জুন চলেছে শুটিং। শুটিংয়ের জন্য সব আয়োজন করে গাজীপুরে বানানো হয়েছিল ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতেই কাজ করতেন শিমুরূপী রিকিতা নন্দিনী, নভেরা রহমান, দ্বীপান্বিতা মার্টিন, পারভীন পারু ও মেঘলা মায়া—এই পাঁচ বন্ধু।
কেমন ছিল শুটিংয়ের দিনগুলো? রিকিতা যে উত্তর দিলেন, তার একটা বড় অংশজুড়ে ছিলেন পরিচালক রুবাইয়াত হোসেন। তবে শুরুতে এ–ও বলে নিলেন, ‘আমার মোহাম্মদপুরের বাসা থেকে শুটিংয়ের লোকেশন দূরে না। তা–ও আমি ক্যাম্পে থেকে শুটিং করেছি। একা রাস্তা পার হতে ভয় লাগত, সব সময় গাড়ি বা সিএনজিতে চড়তাম, সেই আমি শিমু হতে গিয়ে দৌড়ে চলন্ত বাসে চড়েছি। কারণ, আমি তো শিমু। শিমুরা তো এভাবেই বাসে ওঠে। শিমু আমাকে অনেক সাহসী করেছে।’ তারপরই বললেন, ‘আমার কাছে পরিচালক মানে রুবাইয়াত আপা। তীব্র গরমে শুটিং করেছি। আমাদের কারও মাথার ওপর ছাতা নেই বলে তিনিও ছাতা নেবেন না। প্রোডাকশন বয় হয়তো ব্যস্ত, তিনি নিজেই পানি এনে দিতেন। মেকআপ আর্টিস্ট ব্যস্ত, তিনি নিজেই ব্যাগ থেকে কাজল বের করে চোখে লাগিয়ে দিতেন। শুধু পরিচালক বললে ভুল হবে, তিনি বড় আপু এবং অভিভাবক।’
এই ছবির কাজ শেষ করে মোটামুটি গোপনেই রিকিতা আরও একটি ছবির কাজ সেরেছেন। কলকাতার ছবি। পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত। হ্যাঁ, যে পরিচালকের প্রথম ছবির নাম আসা যাওয়ার মাঝে। আর দ্বিতীয় ছবি জোনাকি। তবে তৃতীয় ছবিটির নাম এখনো ঠিক হয়নি। আরও কিছু কাজের কথা চলছে। খুব শিগগির হয়তো রিকিতা বা শিমুর অবয়ব ঝেড়ে ফেলে তিনি হয়ে উঠবেন অন্য কেউ!