শিমুর ‘চাই শুনাবারে’
শিমু দে ১৯৯৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন। এরপর ২০০১ ও ২০০৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জিতেছিলেন আরও দুবার স্বর্ণপদক। ২০০৩ সালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় পেয়েছিলেন ‘অনন্য মান’। এ পর্যন্ত পাঁচটি অ্যালবামে গান গেয়েছেন শিমু। সব কটিই মিশ্র অ্যালবাম। এর মধ্যে তিনটি রবীন্দ্রসংগীতের, দুটি আধুনিক গানের। আজ বেরোচ্ছে শিমু দের গাওয়া রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম—চাই শুনাবারে।শিমু জানান, এই অ্যালবামে তিনি রবীন্দ্রসংগীতের পূজা, প্রেম আর প্রকৃতি পর্যায়ের ১০টি গান গেয়েছেন।শিমুর গান নিয়ে রবীন্দ্রসংগীতের শিল্পী লিলি ইসলামের মন্তব্য, শিমু ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গানের চর্চা করছে, বেড়ে উঠেছে এই গানের সঙ্গেই। শিমুর নিষ্ঠা, সাধনা, শেখার আগ্রহ, উৎসাহ ওকে সহায়তা করেছে এগিয়ে যেতে। রবীন্দ্রনাথের গানের ভাব নিজের মনের মধ্যে লালন করে তা পরিবেশন করার চেষ্টা করে শিমু।শিমু জানান, আজ রাজধানীর এক রেস্তোরাঁয় তাঁর অ্যালবামটির মোড়ক খুলবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, আনিসুল হক ও লিলি ইসলাম। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধান করেছেন হিমাদ্রী শেখর, যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন শুভায়ু সেন মজুমদার। প্রযোজনা ও পরিবেশনায় লেজারভিশন।