শিমুল-মিলির 'গল্পটা অন্যরকম হতেই পারতো'

‘গল্পটা অন্যরকম হতেই পারতো’ টেলিছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মনির খান শিমুল ও ফারহানা মিলি। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা দুইটা ৩৫ মিনিটে এনটিভিতে টেলিছবিটি দেখতে পারবেন দর্শকেরা।
ইসরাফিল বাবুর রচনায় টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। এতে মনির খান শিমুল, ফারহানা মিলিসহ আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শর্মিলী আহমেদ, নাঈম, স্নেহা, নয়ন প্রমুখ।
টেলিছবির কাহিনিতে বিকেলে সুমিকে দেখতে আসার কথা পাত্রপক্ষের। এ জন্য খুব ভোরে হাতে বাক্স-পেটরাসহ বাসা থেকে বের হয়ে রিকশায় ওঠে সুমি। অন্যদিকে যাত্রীছাউনির সামনে জিতু একটি হলুদ ক্যাব নিয়ে হাজির হয়। ক্যাবচালক রেজোয়ান বুঝতে পারে সুমি ও জিতু বাড়ি থেকে পালিয়েছে। সুমিকে নিয়ে শালবনের এক বাংলোয় যায় জিতু। সেখানে তারা বিয়ে করবে। সুমিকে বাংলোয় রেখে জিতু বের হয় বিয়ের শাড়ি কিনতে আর কাজি ডেকে আনতে। ক্যাবচালক ওদের নামিয়ে দিয়ে ঢাকায় চলে যাওয়ার পথে গাড়িতে একটি মোবাইল ফোন পায়। মোবাইলটি ফেরত দেওয়ার উদ্দেশে রেজোয়ান আবার বাংলোর দিকে রওনা হয়। এভাবেই এগিয়েছে টেলিছবি ‘গল্পটা অন্যরকম হতে পারতো’।