শিমূল ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালের কথা। আমি সবে মেট্রিক পরীক্ষা দিয়েছি। সেই সময় সাংস্কৃতিক অঙ্গনে যাঁরা ছিলেন, তাঁরা সবাই আমার কম-বেশি পরিচিত ছিলেন। যুদ্ধ-পরবর্তী সময়ে আবদুল্লাহ আল মামুনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে মিলে দুস্থ মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য একটি তহবিল গঠন করেছিলেন। সেই তহবিলের জন্য আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় উজান পবন নামের একটি নাটক মঞ্চে আনা হয়েছিল। সেই নাটকে আমি প্রথম অভিনয় করি। তখন আমি কোনো নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলাম না। নাটকটিতে আমার চরিত্রটি ছিল অন্ধ গায়ক ভাইকে সঙ্গে নিয়ে পথচলা। নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। সেই নাটকে কামাল লোহানী, আল মনসুর, বাদল রহমান, ফেরদৌসী রহমানসহ অনেকেই অভিনয় করেছিলেন। এরপর ১৯৭৩ সালে আর্ট কলেজে পড়ার সময় কলেজের সাংস্কৃতিক সপ্তাহে আল মনসুরের নির্দেশনায় বিদায় মনালিসা নাটকে অভিনয় করি। সেই বছরেই ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হই।