শিরোনামহীন রবীন্দ্রনাথ
‘যখন থেকে গান বুঝি, তখন থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি অন্য রকম একটা ভালো লাগা তৈরি হয়ে আছে। তাই শুধু রবীন্দ্রসংগীত নিয়ে একটা অ্যালবাম করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছার কথা ব্যান্ডের অন্য সদস্যদের জানাই। তারাও রাজি হয়ে যায়। শুরু হয় রবীন্দ্রনাথের গান নিয়ে অ্যালবাম তৈরির অভিযান।’ বললেন শিরোনামহীন ব্যান্ডের অন্যতম সদস্য তুহিন। শিরোনামহীনের এই চতুর্থ অ্যালবামের নাম শিরোনামহীন রবীন্দ্রনাথ। অ্যালবামটি তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। তুহিন জানান, গানগুলো গাওয়ার ক্ষেত্রে যে ভুলত্রুটিগুলো হয়েছে, তা শুধরে নেওয়ার জন্য রবীন্দ্রসংগীতের কয়েকজন বিশিষ্ট শিল্পীকে দিয়ে অ্যালবামটির চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। অ্যালবামে আছে নয়টি গান। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন সূত্রে জানা গেছে, এ সপ্তাহেই বাজারে আসছে এটি। ব্যান্ডটির আরেক সদস্য জিয়া বললেন, ‘এ অ্যালবামে আমরা অনেকগুলো অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করেছি। আশা করছি, গানগুলো সবার কাছে ভালো লাগবে।’অ্যালবামের প্রচ্ছদে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে শিরোনামহীন। তুহিন বললেন, ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ অ্যালবামের কভারে দেখা যাবে রবীন্দ্রনাথের চারপাশে ব্যান্ডের সব সদস্য বসে আছি, যা হয়তো সবাইকে চমক দিতে পারে। আসলে এর পুরোটাই করা হয়েছে গ্রাফিক্সের সহায়তায়।’