শিরোনামহীন রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখন থেকে গান বুঝি, রবীন্দ্রসংগীত নিয়ে তখন থেকেই মনের গভীরে অন্য রকম এক ভালো লাগা। গান করতে এসে তাই স্বপ্ন দেখেছি রবীন্দ্রসংগীত নিয়ে কাজ করার। নিজের স্বপ্ন নিয়ে একদিন কথা বললাম ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে। তারাও একবাক্যে রাজি হয়ে যায়। অবশেষে ডানা মেলে রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করার স্বপ্নাভিযান। মূলত আমার কারণেই রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছে শিরোনামহীন।’ বলছিলেন শিরোনামহীন ব্যান্ড দলের অন্যতম সদস্য তুহিন।আর কয়েক দিন পরেই প্রকাশিত হতে যাচ্ছে শিরোনামহীনের চতুর্থ অ্যালবাম ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’। গত ছয় মাস ধরে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অ্যালবামটিকে শ্রোতাদের জন্য তৈরি করেছেন ব্যান্ডের সব সদস্য। ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য এ দেশের রবীন্দ্রসংগীতের বেশ কয়েকজন নামকরা শিল্পীকে দিয়ে অ্যালবামটির বিভিন্ন দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে বলে জানান তুহিন। রবীন্দ্রনাথের কালজয়ী নয়টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। ২০ রোজার মধ্যেই অ্যালবামটি বাজারে ছাড়বে প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন। শিরোনামহীন রবীন্দ্রনাথ অ্যালবামের গানগুলো হচ্ছে ‘গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ’, ‘ফুলে ফুলে’, ‘কিছু বলব বলে’, ‘যেতে যেতে একলা পথে’, ‘শুধু তোমার বাণী’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’, ‘শাওন গগনে’, ‘নয়গো হে বন্ধু হে প্রিয়’ ইত্যাদি। এই অ্যালবাম প্রসঙ্গে ব্যান্ডের আরেক সদস্য জিয়া বলেন, ‘আমাদের এই অ্যালবামটির কাজ শেষ হয়েছে প্রায় চার মাসের হলো, কিন্তু নানা কারণে আমরা তা প্রকাশ করতে পারছিলাম না। অবশেষে আমরা একটি ভালো ব্যানার পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘এই অ্যালবামটিতে আমরা অনেকগুলো অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করেছি। আশা করছি, এটি সবার কাছে ভালো লাগবে। অ্যালবামটির কভার ডিজাইন নিয়ে বেশ যত্ন নিয়েছি আমরা।’তুহিন বলেন, ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ অ্যালবামের কভারে দেখা যাবে রবীন্দ্রনাথের চারপাশে আমাদের সব ব্যান্ড সদস্য বসে আছি। যা অনেককে চমক দিতে পারে। আসলে এটা পুরোটাই করা হয়েছে গ্রাফিক্সের সহায়তায়। আমরা নিজেদের মধ্যে অবশ্য সে সময়কার গেটআপটা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা আসলে চেয়েছি অ্যালবামটির সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা ছোঁয়া রাখতে।’