শিরোনামহীনের অ্যালবাম ও তথ্যচিত্র
রক ব্যান্ড শিরোনামহীনের তৃতীয় অ্যালবাম বের হয়েছিল গত বছরের শেষ দিকে। ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ নামের ওই অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গান নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল। ব্যান্ড দলটি এরই মধ্যে কাজ শুরু করেছে তাদের চতুর্থ অ্যালবামের। দলের প্রধান ভোকাল তুহিন জানান, বর্তমানে গান লেখা ও কম্পোজিশনের কাজ চলছে। মাস দুয়েকের মধ্যে গান রেকর্ডিংয়ের কাজও শুরু করবেন তাঁরা। এ বছরের শেষ দিকে অ্যালবামটি বাজারে ছাড়বেন বলেও জানান তিনি।অ্যালবাম ও মঞ্চে গান করা ছাড়াও শিরোনামহীন তাদের তথ্যচিত্রের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছে। চতুর্থ অ্যালবামের ঠিক পরই তাদের তথ্যচিত্রটিও আসবে বলে জানা গেছে। এ বিষয়ে তুহিন বলেন, ‘এটির কাজ প্রায় শেষ। তথ্যচিত্রটিতে থাকবে আমাদের গান রেকর্ড করার সময়ের বিভিন্ন মজার ঘটনা, কনসার্টের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং প্রকাশিত জনপ্রিয় কিছু গান।তুহিন আরও বলেছেন, ‘বাংলাদেশের ব্যান্ডজগতে রক ব্যান্ড হিসেবে শিরোনামহীনের আবির্ভাব ঘটে ১৯৯৬ সালে। ১৪ বছরের এই দীর্ঘ পথপরিক্রমায় আমরা উপলব্ধি করেছি ব্যান্ড নিয়ে তথ্যচিত্র নির্মাণের। তাই এটি নিয়ে কাজ করেছি।’