শিরোনামহীনের ছয় নম্বরটি সিংহলি ভাষায়

শিরোনামহীনের ষষ্ঠ অ্যালবামটি হবে শ্রীলঙ্কার সিংহলি ভাষায়। সম্প্রতি শিরোনামহীনের সদস্যদের সঙ্গে শ্রীলঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান ব্রিজের পরিচালক চামিলা ওয়ার্না জয়ালাথ আলোচনা করেন।
শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়া বলেন, ‘ব্রিজের প্রস্তাবটি আমরা ইতিবাচকভাবে নিয়েছি। চামিলা আমাদের পাঁচটি অ্যালবামই শুনেছেন। তিনি এই অ্যালবামগুলো থেকে বাছাই করা আট থেকে দশটি গান সিংহলি ভাষায় গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। গানগুলো সিংহলি ভাষায় অনুবাদ থেকে শুরু করে রেকর্ড করা—সব ব্যাপারেই তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সিংহলির পাশাপাশি ইংরেজি ভাষায়ও আমরা গানগুলো করব। গানগুলোর নতুন সংগীতায়োজনে তিনি শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী কিছু বাদ্যযন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পুরো কাজটি হবে শ্রীলঙ্কাতেই। আন্তর্জাতিক মানের একটি অ্যালবাম তৈরি এর অন্যতম উদ্দেশ্য।’
এবার গল সংগীত উৎসবে গান করেছে শিরোনামহীন। ১৫ থেকে ১৭ মার্চ শ্রীলঙ্কার গল ফোর্টে অনুষ্ঠিত হয় এই উৎসব। উৎসবে আরও অংশ নিয়েছে ফিলিস্তিনের সাবরিন অ্যাসোসিয়েশন, ব্রাজিলের রোডা ভিভা, ভারতের ডন ভাট উইথ প্যাসেঞ্জার রেভেল্যাটর এবং শ্রীলঙ্কার নাডরো, রানওয়ালা ব্রিগেড ও সঙ্গমাম।
জিয়া জানান, তাঁরা কলম্বোতেও দুটি কনসার্টে গান গেয়েছেন। ওই সময় ব্রিজের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়।
শিরোনামহীনের অ্যালবামগুলো হলো জাহাজী (২০০৪), ইচ্ছে ঘুড়ি (২০০৬), বন্ধ জানালা (২০০৯), শিরোনামহীন রবীন্দ্রনাথ (২০১০) ও শিরোনামহীন শিরোনামহীন (২০১৩)।