শিরোনামহীনের তুহিন আবার অভিনয়ে
শিরোনামহীনের কণ্ঠশিল্পী তুহিন এর আগে অভিনয় করেছেন মুহম্মদ জাফর ইকবালের লেখা ও মেজবাউর রহমানের পরিচালনায় টেলিছবি মধ্যরাতের তিনজন যুবক এবং একই পরিচালকের মিথ্যে তুমি দশ পিঁপড়েতে। তুহিন আবারও অভিনয় করছেন টেলিছবিতে। নাম স্পুক। রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান। স্পুক অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা। একই পরিবারের দুই ভাইকে নিয়ে টেলিছবির গল্প। এক মামলায় আদালত এক ভাইয়ের ফাঁসির আদেশ দেন। তাকে মুক্ত করার জন্য অন্য ভাই নানা কিছু ঘটায়।তুহিন বলেন, ‘পরিচালকের সঙ্গে সম্পর্কের কারণেই এই টেলিছবিতে কাজ করেছি। একেবারেই অন্য রকম অভিজ্ঞতা হলো। তবে আমি গান ভালোবাসি, গাইতে ভালোবাসি। শ্রোতারা আমাকে সব সময় গানের মাঝেই পাবেন।’টেলিছবিতে আরও অভিনয় করেছেন মিলন, আজাদ আবুল কালাম প্রমুখ।তানিম রহমান বলেন, ‘এখানে তুহিন যথেষ্ট ভালো কাজ করেছেন। নাটকটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে।’