শিরোনামহীনের ‘শিরোনামহীন’
এবার ব্যান্ডের নামেই অ্যালবাম করেছে শিরোনামহীন। নাম শিরোনামহীন। যেহেতু ব্যান্ডের নামেই অ্যালবাম, তাই অন্য রকম অনুভূতি কাজ করেছে শিরোনামহীনের সদস্যদের মধ্যে। এই ব্যান্ডের সদস্য তুহিন বললেন, ‘আমরা আমাদের সেরা অ্যালবাম করার চেষ্টা করেছি। খুব ভালো ১০টি গান তৈরি করেছি। শিরোনামহীন আমাদের পঞ্চম অ্যালবাম। অন্য চারটির থেকে এই অ্যালবামটিকে একটু আলাদাভাবে তৈরির ইচ্ছা ছিল আমাদের। আমরা তা-ই করেছি।’ অ্যালবামটি তৈরির জন্য সময় লেগেছে প্রায় দুই বছর। তুহিন বললেন, ‘আমরা যা দেখে বড় হয়েছি, সেই নাগরিক বিষয়গুলোকেই এবার গানের মধ্য দিয়ে বলতে চেয়েছি। সঙ্গে আছে আমাদের অভিজ্ঞতা আর উপলব্ধি।’কিন্তু অ্যালবামটি কীভাবে কিংবা কোন প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তুহিন জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অনেক দিন থেকেই ব্যান্ডের অ্যালবাম প্রকাশের ব্যাপারে অনীহা প্রকাশ করছে। সেদিক থেকে মুঠোফোন এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে তাঁরা অ্যালবামটি নিয়ে আলোচনা করছেন। পাশাপাশি ঈদের আগে অ্যালবামটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ নিচ্ছেন তাঁরা।