শিলাইদহে ছায়ানটের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রবীন্দ্র স্মৃতিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে দর্শক উপস্থিতি বেশি থাকে। তবে গতকালের বিকেলটা ছিল অন্য রকম। চারদিকে লাল, নীল, হলুদের সাজ। পুরো কুঠিবাড়িতে উৎসবের আমেজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে ছিল ছায়ানটের বিশেষ অনুষ্ঠান। বিকেল পাঁচটায় ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় ‘ওই মহামানব আসে’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নটরাজের শিল্পীরা। সম্মিলিত সংগীতের পর বক্তৃতা করেন প্রাবন্ধিক আহমদ রফিক। তিনি বলেন, ‘শিলাইদহ, পতিসর ও শাহজাদপুর মিলে রবীন্দ্রনাথের ত্রিভুজ। তবে শিলাইদহে আগমনের পর রবীন্দ্রনাথের পূর্ণ বিকাশ ঘটেছে। কলকাতার ইটপাথরে বন্দী রবীন্দ্রনাথকে শিলাইদহ সাধারণ মানুষের রবীন্দ্রনাথে পরিণত করে।’ বক্তব্যের পর আবারও গান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘পূর্বাচলের পানে তাকাই’। শিখা আফরিনের কণ্ঠে ‘সীমার মাঝে অসীম’ গানটিও দর্শকদের মুগ্ধ করে।একের পর এক গান চলতে থাকে কুঠিবাড়ির সামনের মাঠের মঞ্চে। ছিন্নপত্র থেকে পাঠ করে শোনান হাসান ইমাম ও ত্রপা মজুমদার। আবারও নৃত্যের তালে ছায়ানটের শিল্পীদের সমবেত পরিবেশনা ‘অন্তর বিকশিত করো’। এ ছাড়া শিল্পী ফাহমিদা খাতুন, ইফাত আরা, স্বপন দত্ত, মৃত্তিকা সাহিতা, ছায়া কর্মকার, তানিয়া মান্নান, কোহিনুর খানম, নীলুফার ইয়াসমীন, সেঁজুতি বড়ুয়া গান পরিবেশন করে। সন্ধ্যার পর অন্য রকম আবহের সৃষ্টি হয় পুরো কুঠিবাড়িতে।