শিলাইদহে রবীন্দ্রস্মরণ

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার শিল্পীদের গাওয়া ‘হে নূতন, দেখা দিক আর-বার’ গানের মধ্য দিয়ে গত শুক্রবার সকালে শুরু হয়েছিল উৎসব। শেষ হলো নৌকাডুবি নাটক প্রদর্শনের মধ্য দিয়ে।
তিন দিন ধরে কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি চত্বরে জেলার প্রায় ৪১টি সাংস্কৃতিক সংগঠনের শিশু ও বয়োজ্যেষ্ঠ শিল্পীরা গান, কবিতা ও গীতিনৃত্য পরিবেশন করেন। এর সবকিছুই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এভাবেই কবিগুরুকে জন্মোৎসবে স্মরণ করল শিলাইদহ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিলাইদহে হচ্ছে না! এ নিয়ে উদ্বোধনী দিনে বিষাদের ছাপ থাকলেও আস্তে আস্তে তা কাটিয়ে ওঠেন শ্রোতা ও শিল্পীরা। কবিগুরুর প্রতিবাদী গান আর কবিতার মধ্য দিয়েই তাঁরা আনন্দ খোঁজার চেষ্টা করেন।
‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র-জন্মবার্ষিকীর উৎসবে ছিল এসব আয়োজন। গতকাল ছিল উৎসবের শেষ দিন। রাত ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গতকাল বিকেলে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু রবীন্দ্রপ্রেমী ও ভক্তদের মিলনমেলায় পরিণত হয় কুঠিবাড়ি চত্বর। প্রতিদিন বিকেলে আলোচনা সভা শেষে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেখানে ছিল তিন দিনের রবীন্দ্র মেলা। কুঠিবাড়ি চত্বরের বাইরে খোলা জায়গায় গ্রামীণ আবহে মেলায় ছিল মাটির তৈরি খেলনা পুতুল থেকে বিভিন্ন সামগ্রী। প্রতিদিন হাজার হাজার মানুষ মেলায় ভিড় করে।