শিলাইদহে ‘গীতাঞ্জলি ১০০’ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে গতকাল শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ উৎসব উদ্যাপন করা হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত এ আনন্দ উৎসব চলে।বিকেলে ‘গীতাঞ্জলি ১০০’ নামের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের অতন্দ্র একাত্তর ও ভারতের ফ্রেন্ডস অব বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কথাশিল্পী হাসান আজিজুল হক, রবীন্দ্র-গবেষক সনৎ কুমার সাহা, শিল্পী শুভাপ্রসন্ন, ভারতীয় উপ-হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী প্রমুখ। সভাপতিত্ব করেন কবি বেলাল চৌধুরী। হাসান আজিজুল হক বলেন, ‘রবীন্দ্রনাথ একটা আকাশ। যে আকাশে কোনো পূর্ব-পশ্চিম দিক নেই। সেই আকাশে আমরা সবাই উড়ব।’তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘রবীন্দ্রনাথ আন্দোলন, সংগ্রাম, দারিদ্র্য, প্রেম-ভালোবাসাসহ সব দিক নিয়ে তাঁর সাহিত্যকর্ম লিখে গেছেন। তাঁর এই শিল্প আমাদের ধারণ করে দেশকে সাম্প্রদায়িক জঙ্গিমুক্ত করতে হবে।’ সন্ধ্যার পর ভারতীয় শিল্পীরা রবীন্দ্রনাথের গান শোনান ও কবিতা আবৃত্তি করেন। এরপর ছিল বাংলাদেশের শিল্পীদের পরিবেশিত গান ও কবিতা আবৃত্তি।গীতাঞ্জলি ১০০-এর সমাপনী অনুষ্ঠান হবে আজ শনিবার ঢাকায় বাংলা একাডেমী মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে তিনটায়।