শিলার ড্রেসিং টেবিলের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রেসিং টেবিল ছবির একটি দৃশ্য
ড্রেসিং টেবিল ছবির একটি দৃশ্য

এতিমখানায় বড় হয়েছে শিলা। বিয়ে হয়েছে নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে রুহুলের সঙ্গে। অল্প বেতনের চাকরি করা রুহুলের ঘরে তেমন কোনো আসবাব নেই। তবে শিলার স্বপ্ন, তার একটি ড্রেসিং টেবিল হবে। সেটার আয়নার সামনে বসে সে সাজবে আর নিজের সঙ্গে কথা বলবে। ‘ড্রেসিং টেবিল’ ছবির গল্প এটি। সম্প্রতি সেন্সরে জমা পড়েছে ছবিটি।

আসছে শুক্রবার কানাডার মন্ট্রিলে হতে যাচ্ছে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। কানাডার ৪০তম মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা বিভাগে ২৬, ২৭ ও ২৯ আগস্ট দেখানো হবে ছবিটি। পরিচালক জানালেন, সেন্সর ছাড়পত্র মিললে আগামী মাসের শেষ সপ্তাহে মুক্তি পাবে ছবিটি। ১৫ আগস্ট ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ছবির প্রচারণামূলক একটি ভিডিও।
জেনে নেওয়া যাক ছবির গল্পের আরও খানিকটা। একসময় শিলা-রুহুলের ঘরে আসে একটি পুরোনো ড্রেসিং টেবিল। সেটার ভেতরে পাওয়া যায় একটি পুরোনো ডায়েরি। তাতে লেখা এক নারীর জীবনকাহিনি। সেটা পড়ে শিলা কল্পনা করে তাঁর মাকে। এরপর ডায়েরিতে পাওয়া একটি ঠিকানা ধরে শিলা চলে যায়।
ছবিতে শিলার চরিত্রে অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে আসা তারিন রহমান। ‘ড্রেসিং টেবিল’ ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। তারিন ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ, নাদিয়া খানম, কে এস ফিরোজ, ইফফাত তৃষা, পরেশ আচার্য, মোহাম্মদ বারি, খলিলুর রহমান প্রমুখ।
ছবিটির কাহিনি, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন আবু সাইয়ীদ। এর আগে তিনি পরিচালনা করেছেন ‘কিত্তনখোলা’, ‘শঙ্খনাদ’, ‘নিরন্তর’, ‘বাঁশি’, ‘রূপান্তর’, ‘অপেক্ষা’ ছবিগুলো। ‘ড্রেসিং টেবিল’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।