শিলার 'এক কোটি টাকা'

শিরোনাম দেখে নানা প্রশ্ন জন্মাতে পারে মনে—কিসের টাকা, কীভাবে পেলেন শিলা এই টাকা? আসলে ‘এক কোটি টাকা’ নামে একটি ছবিতে কাজ করছেন এ প্রজন্মের নায়িকা শিরিন শিলা।
এই নায়িকা জানান, আজ শুক্রবার থেকে সাভারের লোকেশনে শুটিং শুরু হয়েছে এ ছবির।
‘এক কোটি টাকা’ ছবি প্রসঙ্গে শিলা বলেন, ‘ছবির নামটির সঙ্গে ছবির গল্পের দারুণ ব্যাপার আছে। এই এক কোটি টাকাকে ঘিরে ছবিতে যে গিমিক তৈরি হয় দর্শকেরা ব্যাপক বিনোদন পাবেন বলে আমার বিশ্বাস।’
ছবিতে শিলার বিপরীতে নায়ক হয়েছেন বাপ্পী চৌধুরী। দুজনের কাজের অভিজ্ঞতা এবারই। এ প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘বর্তমান ঢালিউডে হাতে গোনা যে ক’জন নায়ক কাজ করছেন তাঁদের একজন বাপ্পী। আগে এক সঙ্গে কাজ না হলেও বাপ্পী আমার পছন্দের নায়ক। দুজন মিলে কাজটি মন্দ হবে না।’
ছবির পরিচালক ছটকু আহমেদ জানান, গত সপ্তাহ থেকে ছবিটির কাজ শুরু হয়েছে। শিলার অংশ শুরু হলো আজ থেকে।
‘এক কোটি টাকা’ ছবির আরেক জুটি ডিপজল ও আঁচল।