শিলু আবেদ কারুশিল্প সম্মাননা পেলেন রামকৃষ্ণ পাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনের লবিতে প্রদর্শিত হচ্ছে নানা রঙের নকশা আঁকা বিভিন্ন আকৃতির লক্ষ্মীসরা। গতকাল বিকেলে এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। এর আগে এক অনুষ্ঠানে এ বছরের ‘শিলু আবেদ কারুশিল্প আজীবন সম্মাননা’ দেওয়া হয় লক্ষ্মীসরার শিল্পী মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ পালকে। শিলু আবেদ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ব্র্যাক সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ। সম্মাননা হিসেবে শিল্পীর হাতে প্রধান অতিথি প্রসংশাপত্র, সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক তুলে দেন। এ সময় কারুশিল্প পরিষদের সভাপতি শাহীদ হোসেন, রুবী গজনভী ও চন্দ্র শেখর সাহা উপস্থিত ছিলেন।১৯৯৭ সালে প্রয়াত হন আড়ংয়ের পরিচালক শিলু আবেদ। পরের বছর থেকে শিলু আবেদ ট্রাস্ট নিয়মিতভাবে এ সম্মাননা প্রদান করছে। এ পর্যন্ত ১৩টি শিল্পমাধ্যমে ৪১ জন কারুশিল্পীকে এ সম্মাননা দেওয়া হয়।বাংলাদেশের চিত্রিত মৃৎশিল্পের (লক্ষ্মীসরা ও শখের হাঁড়ি) ইতিহাস সুপ্রাচীন। তবে নগরায়ণের কারণে ঐতিহ্যবাহী এসব শিল্প হারিয়ে যাচ্ছে। দেশের কয়েকটি মাত্র পরিবারের কিছু সদস্য এই শিল্পকে এখনো টিকিয়ে রেখেছেন। তাঁদেরই একজন শিল্পী রামকৃষ্ণ পাল। তিনি ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার পূর্ব সীড্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। শিল্পী পুরুষানুক্রমে এ শিল্পের সঙ্গে যুক্ত হন। তাঁর হাতেখড়ি বাবা মোহন পালের কাছে। তিনি এ পরিবারের পঞ্চম প্রজন্ম।