শিল্পকর্মে জীবনযাপনের ভাষ্য
ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে গতকাল শুক্রবার শুরু হয়েছে জার্মানপ্রবাসী শিল্পী মুর্শিদা আরজুর স্থাপনা ও চিত্রকর্ম প্রদর্শনী ‘কনটেম প্লেইশন’। প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত গিওগি গুলিএলমিনো, গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক এঙ্গেলা গ্রানাট। স্বাগত বক্তব্য দেন রামেন্দু মজুমদার। প্রায় ১৮ বছর ধরে প্রবাসে আধুনিক চিত্রশৈলীর চর্চা ও বিকাশে আত্মমগ্ন বাংলাদেশি শিল্পী মুর্শিদা আরজু তাঁর প্রবাসজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন শিল্পকর্মগুলোতে। শিল্পী অ্যাক্রিলিক, কালি, চারকোল ইত্যাদি মাধ্যমের প্রয়োগে নারী ও পুরুষের কথোপকথনের এক জটিল চিত্রভাষ্য রচনা করেছেন তাঁর ‘পর্দার আড়ালে’ শীর্ষক কাজে। ‘দিনটি ছিলো’ শীর্ষক ছবির ভেতরকার অনুষঙ্গ নারী এবং অন্যান্য আসবাবপত্র তাদের নিজস্ব অবস্থান থেকে নড়ে গিয়ে স্মৃতিতে খাবি খাওয়া মনের সংবাদ জানিয়েছে। ‘অপেক্ষা’ এবং ‘একটি চিঠি’ শীর্ষক চিত্রকর্মে নারী মনের অতৃপ্ত বাসনা, সৌন্দর্যবোধ মূর্ত হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।