
বাংলাদেশ ও ভারত দুই দেশের শিল্পীদের কাজ নিয়ে প্রদর্শনী। কেউ তুলে ধরেছেন প্রকৃতির শোভা, কেউ বা আবার নানা দিক থেকে নানা মাত্রায় উন্মোচন করেছেন রং ও রেখার অন্তর্নিহিত সৌন্দর্য। কয়েকটি ছবির বিষয়বস্তু খুব চেনা। মানুষ, ফুল, গাছ, প্রকৃতি, নদী কিংবা নিসর্গ। এসব সাধারণ বিষয় থেকে গভীরতর ব্যঞ্জনা ও চিত্রকল্পের সৃজনে চলে গেছেন অনেকে। এসব শিল্পকর্ম নিয়ে গতকাল রোববার শুরু হয়েছে চিত্রকর্ম প্রদর্শনী ‘আ সেরিগ্রাফ’। ধানমন্ডির গ্যালারির চিত্রকে ভারত ও বাংলাদেশের ১৫ জন খ্যাতনামা শিল্পীর শিল্পকর্ম নিয়ে বিশেষ এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী আবুল বার্ক আলভী। কবি ও স্থপতি রবিউল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্র সমালোচক মইনুদ্দিন খালেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রকের নির্বাহী পরিচালক মুনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশের দুই বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম ও শাহাবুদ্দিন আহমেদ। মূলত সিল্কের কাপড়ের ওপর ছাপ দিয়ে সেরিগ্রাফ মাধ্যমে চিত্রকর্ম সৃজিত হয়। প্রদর্শনীর ছবিগুলোয় মূর্ত, বিমূর্ত ও আধা বিমূর্ত রীতির দেখা মিলেছে। রং ও রেখার সম্মিলনে বিমূর্ত ধারার কাজ করছেন মনিরুল ইসলাম। শাহাবুদ্দিন আহমেদ এঁকেছেন ছুটে চলা ঘোড়া। শিল্পী কাশীনাথ সালভার এঁকেছেন নারীর অবয়ব। লালুপ্রসাদ সাউ কাজে দৃশ্যমান মসজিদের দুটি মিনার ও একজন পথচারী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ভারতের অমিতাভ বন্দ্যোপাধ্যায়, অদিতি বসাক, অতিন বসাক, কাশীনাথ সালভা, গণেশ হালুই, সুহাস রায়, সুনিল দাস, সুধীর পটোধন, সমির আইচ, লালু প্রসাদ সাউ, দিলীপ রানাতে, জয়া গাংগুলি ও জয়শ্রী চক্রবতী। বাংলাদেশ থেকে অংশ নেন মনিরুল ইসলাম ও শাহাবুদ্দিন আহমেদ। প্রদর্শনী উপলক্ষে প্রত্যেক শিল্পীর একটি করে চিত্রকর্ম নিয়ে মোট ১৫টি কাজের একটি ফলিও প্রকাশ করা হয়েছে। প্রদর্শনীর সময় সকাল ১০টা থেকে রাত আটটা। চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত।