শিল্পকর্মে দুই দেশের মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর নাম ‘প্রাতিষ্ঠানিক বিনিময় কর্মসূচি’। ঢাকা-শান্তিনিকেতন শিক্ষাবিনিময় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবে সম্প্রতি আয়োজন করা হয়েছিল বিশেষ আর্ট ক্যাম্পের। এই আর্ট ক্যাম্পে আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়েছে গতকাল সোমবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। একসঙ্গে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীদের কাজের এমন প্রদর্শনী দর্শকদের জন্য বেশ আকর্ষণীয়।গতকাল সন্ধ্যায় ছয় দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এ হ মো. মতলুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী রফিকুন নবী ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।প্রদর্শনীতে অংশ নেওয়া আমাদের দেশের শিল্পীরা হলেন কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, আবু তাহের, হাশেম খান, রফিকুন নবী, কালিদাস কর্মকার, মতলুব আলী, শহীদ কবির, আবুল বারক আলভী, ফরিদা জামান, নাঈমা হক, জামাল আহমেদ, রোকেয়া সুলতানা, মোহাম্মদ ইউনুস, নাসরিন বেগম, নিসার হোসেন, শেখ আফজাল, শিশির ভট্টাচার্য্য, মোহাম্মদ ইকবাল, কনকচাঁপা চাকমা প্রমুখ। বিশ্বভারতীর কলাভবনের পঙ্কজ পানওয়ার, প্রবীর কুমার বিশ্বাস, নন্দদুলাল মুখার্জি, প্রসূন কান্তি ভট্টাচার্য, দিলীপ মিত্র, ঋষি বড়ুয়া, অর্পণ মুখার্জি, সমীক নন্দী মজুমদার প্রমুখের কাজ রয়েছে। শিল্পীরা কেউ ক্যানভাসে তুলে এনেছেন দেশের বর্তমান প্রেক্ষাপট, কেউ এনেছেন প্রকৃতি, কেউ বা আবার নানা দিক থেকে নানা মাত্রায় উন্মোচন করেছেন রং ও রেখার অন্তর্নিহিত সৌন্দর্য। কয়েকটি ছবির বিষয়বস্তু খুব চেনা। মানুষ, ফুল, পাখি, গাছ, প্রকৃতি, নদী, নদীপাড়ের নিসর্গ কিংবা নদীবর্তী লোকজীবন। এসব সাধারণ বিষয় থেকে গভীরতর ব্যঞ্জনা ও চিত্রকল্পের সৃজনে চলে গেছেন অনেকে। মূর্তের মধ্যে বিমূর্ত কিংবা অভিব্যক্তিবাদী প্রকাশভঙ্গির মধ্য দিয়ে রং-তুলির অসাধারণ খেলায় শিল্পীদের ক্যানভাস মুখর হয়ে উঠেছে। এই বিশেষ প্রদর্শনীটি চলবে ১৮ মে পর্যন্ত।