
ভাস্কর প্রিয়ভাষিণীর আছে নীরবতার ভাষা। জড়কে শিল্পে রূপ দেন তিনি, তারপর দেন ভাষা। তাঁর স্পর্শে অমূল্য হয়ে ওঠে পরিত্যক্ত কাঠ-খড়। বাংলার ভাস্কর্যশিল্পে সেগুলো সম্পদসম।
গতকাল শুক্রবার ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর একক শিল্পকর্ম প্রদর্শনী ‘মেঘের সঙ্গী’। বিকেলে প্রধান অতিথি হয়ে এ প্রদর্শনী উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণী আমাদের সব সময় সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেন। তাঁর শিল্পকর্ম উপভোগের পর আমাদের ভেতরটা অনির্বচনীয় সুন্দর হয়ে ওঠে।’
ফেলে দেওয়া কাঠ-খড় থেকে শিল্পকর্মের সূচনা বাংলাদেশে বুঝি শুরুই করেছিলেন প্রিয়ভাষিণী। সেসব দিয়ে নিজের ঘর-দুয়ার সাজিয়ে অন্য এক জগৎ বানিয়ে রেখেছেন। শুধু তা-ই নয়, দেশের বহু ঘরে শোভা ছড়াচ্ছে তাঁর শিল্পকর্ম।
এই ভাস্কর শিল্প গড়েন প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে, রস সংগ্রহ করেন রবীন্দ্রনাথ থেকে। যেমন এই প্রদর্শনীর আবহ। গাছের কাণ্ড, ডাল, কাঁটা, নারিকেল-মালা কত কী যে জড়ো করেছেন। তাসমিমা হোসেন আগাগোড়াই মুগ্ধ ছিলেন এই ভাস্করের রূপসজ্জার। পরে অনুরাগী হয়ে ওঠেন। নিসার হোসেন বলেন, শিল্পীরা প্রিয়ভাষিণীর বাড়িতে ছুটে ছুটে যেতেন তাঁর এসব শিল্পকর্মের টানে।
প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় স্বাগত বক্তব্য দেন শিল্পাঙ্গনের কর্ণধার রুমি নোমান। ৮৯টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী চলবে ১৮ আগস্ট পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।