জাতীয় চিত্রশালার একটি কক্ষের মেঝেতে বিশাল ক্যানভাস। হঠাৎ দেখলে অবাকই হবেন যে কেউ। রঙের কয়েকটি পাত্র স্বয়ংক্রিয়ভাবে রং ছড়িয়ে দিচ্ছে ক্যানভাসের বিভিন্ন স্থানে। একটু পরে স্বয়ংক্রিয় রং ছড়ানোর উৎস মিলল। শিল্পী রিমোট নিয়ে নিয়ন্ত্রণ করছেন রং আর তুলি।
জাতীয় চিত্রশালা গ্যালারিতে চলছে শিল্পকর্মের মহাযজ্ঞ। গ্যালারিতে প্রবেশের আগেই কানে ভেসে এল নানা রকমের শব্দ। ত্রিমাত্রিক স্থাপনা শিল্পকর্মের আলোছায়ার বিচিত্র খেলা। গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিল্পীরা মনোযোগ দিয়েছেন নিরীক্ষার দিকে। কেউ রং নিয়ে, কেউ আবার বিষয় নিয়ে নিরীক্ষা করছেন বিভিন্ন মাধ্যমে। সব মিলিয়ে সমকালীন শিল্পকর্মের এক মহাসমারোহ ঘটেছে সেখানে। জমজমাট এ আয়োজন।
আর মাত্র দুই দিন। ১ ডিসেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত চারুকলাবিষয়ক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সর্ববৃহৎ এ প্রদর্শনী ১৯৮১ সালে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর ১৬ বারের মতো এ আয়োজন শুরু হতে যাচ্ছে।
সারা বিশ্বে সমকালীন শিল্পচর্চায় যোগ হয়েছে এমন কোন মাধ্যমটি এখানে নেই? ইতিমধ্যে ৩০টি দেশের ১০৪ জন শিল্পীর ২০৪টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে এত মানুষের শিল্পকর্ম প্রদর্শনীর অংশ হলেও সব শিল্পী ঢাকায় আসছেন না। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকে ৫৫ জন শিল্পী এবং শিল্প সমালোচক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন বলে জানান শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
এশিয়ার অন্যতম বৃহৎ এ আয়োজন নিয়ে আশাবাদী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘দ্বিবার্ষিক এ চারুকলা প্রদর্শনী একটি আন্তর্জাতিক কার্যক্রম এবং চারুকলা বিষয়ে বাংলাদেশের সর্ববৃহৎ আয়োজন। চারুকলা বিষয়ে পৃথিবীর অন্যান্য আয়োজনের মধ্যেও এটি অন্যতম।’
এ প্রদর্শনী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।