শিল্পকলা একাডেমিতে হীরালাল সেনকে উৎসর্গ করে চলচ্চিত্র উৎসব
আজ বিকেল পাঁচটায় তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। এবারের আয়োজনটি হীরালাল সেনকে উৎসর্গ করা হয়েছে। চলবে ২৫ জুন পর্যন্ত। করোনার কারণে এবার অনলাইনে আয়োজিত হবে উৎসবটি।
উদ্বোধনী আয়োজনে অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিসচিব মো. বদরুল আরেফীন, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, নির্মাতা অমিভাত রেজা চৌধুরী। সভাপতি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা মিমি স্বাগত বক্তব্য দেবেন।
উদ্বোধনী আয়োজন শেষে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। আজকে দেখানো হবে অপরাজিতা সংগীতার ‘রিভোল্ট’, হাসনাত সোহানের ‘প্রাচীন কয়েকটি গাছ’, সারা বিনতে আফজালের ‘আশ্রয়’, জাহিদ গগণের ‘রিউমার: আ সোশ্যাল টিউমার’, ওয়াহিদ রাজের ‘বায়োস্কোপ’, ফরিদ আহমেদের ‘আনতারা’, সাহিল রনির ‘মানুষ’ এবং মো. রাসেল রানার ‘হাউসের ধুয়া’।
উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। একডেমির ইউটিউব চ্যানেলে নির্ধারতি সময়ে ছবিগুলো দেখা যাবে। ছবির শিডিউল পাওয়া যাবে একাডেমির ওয়েবসাইট ও ফেসবুক পাতায়।
গত বুধবার বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলনে উৎসব নিয়ে বিস্তারিত জানানো হয়। এবার সারা দেশ থেকে প্রায় ৪০০টি ছবি জমা পড়েছে। ১১৯টি ছবি দেখানো হবে সেখান থেকে। এর মধ্যে ৮১টি কাহিনিচিত্র ও ৩৮টি প্রামাণ্যচিত্র।
উত্সবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র দুটি বিভাগে মোটি সাতটি পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি। এ ছাড়া শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ও শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় আরও চারটি পুরস্কার দেওয়া হবে।
নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকীকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি জুরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি ফরিদুর রহমান, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং কমিটির সদস্যসচিব একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা মিমি।
উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লাখ ২৫ হাজার, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ, বিশেষ জুরি পুরস্কার ৫০ হাজার, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ২৫ হাজার, শ্রেষ্ঠ সম্পাদনা ২৫ হাজার, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ২৫ হাজার, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া উত্সবে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা তিনটি বিষয়ে বিশেষ ক্লাস নেবেন। ২১ জুন সন্ধ্যা ছয়টায় অমিতাভ রেজা চৌধুরী কথা বলবেন ‘মিজ-অঁ-সিন’ নিয়ে। ২২ জুন সন্ধ্যা ছয়টায় ‘পঞ্চাশ বছরে বাংলাদেশের প্রামাণ্যচিত্র’ নিয়ে বলবেন শবনম ফেরদৌসী। ২৩ জুন সন্ধ্যা ছয়টায় এল অপু রোজারিও বলবেন ‘চিত্রগ্রহণ’ বিষয়ে। বিশেষ ক্লাসে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের লিংক পাওয়া যাবে একাডেমির ফেসবুক পাতায়।
২০১৬ ও ২০১৮ সালে ৬৪টি জেলায় এই উৎসব আয়োজন করা হয়।