শিল্পকলা একাডেমির তিন আয়োজন
প্রতিষ্ঠার ৪২ বছর উদ্যাপন এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এর পরপরই ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রয়াত নয়জন গুণী নাট্যকারের স্মরণে পাঁচ দিনের বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’।
গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। এ সময় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এরপর উদ্বোধন হবে পুরস্কারপ্রাপ্ত ৬০ জন শিল্পীকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আর্ট ক্যােম্প। তবে মূল অনুষ্ঠান হবে সন্ধ্যা ছয়টায় একাডেমির নন্দন মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমির নন্দন মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশে অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তাদের অংশগ্রহণে থাকছে বিভিন্ন ভাষায় আবৃত্তি অনুষ্ঠান।