শিল্পকলা একাডেমির পাঁচ উদ্যোগ

একসঙ্গে পাঁচ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। একাডেমির পাঁচটি উদ্যোগ হচ্ছে, বছরব্যাপী ‘শিল্পের শহর ঢাকা’ কর্মসূচি, চিত্রকলায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনচিত্র শীর্ষক আর্ট ক্যাম্প, ‘বৃষ্টির পদাবলি’ শীর্ষক সংগীতানুষ্ঠান, মহাকবি কায়কোবাদকে স্মরণ এবং আগস্ট মাসে জাতীয় শোক দিবসের আয়োজন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি একই সঙ্গে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর প্রস্তুতির কথাও বলেন।
‘শিল্পের শহর ঢাকা’
ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যের সঙ্গে নাগরিকদের নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজধানীজুড়ে আয়োজন করবে নতুন শিল্প-উদ্যোগ ‘শিল্পের শহর ঢাকা’। সাধারণ মানুষের সঙ্গে ‘শিল্পের সংযোগ ঘটাতে’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিন দিনের এ আয়োজন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল থেকে। লিয়াকত আলী লাকী জানান, এশিয়ান আর্ট বিয়েনালের ১৮তম আসর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তরুণ পারফরম্যান্স আর্ট শিল্পীদের নিয়ে নতুন এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ঢাকা শহরের আছে ৪০০ বছরের ইতিহাস। আজ এই শহরের পরিচিতি মেগাসিটি হলেও নাগরিক নানা সংকটে এই শহরের ঐতিহ্য মানুষ ভুলতে বসেছে। যানজটের চাপে মানবিক আবেগগুলো উপেক্ষিত। শহরবাসীকে পুরোনো ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিতে, মানুষের মধ্যে শিল্পের বোধ ছড়িয়ে দিতে আয়োজন করা হচ্ছে ‘শিল্পের শহর ঢাকা’।
সংবাদ সম্মেলনে জানান হয়, পুরান ঢাকা, সংসদ ভবন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কমলাপুর রেলওয়ে স্টেশন—এই স্থানগুলোকে শিল্পীদের পারফরম্যান্সের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। ‘শিল্পের শহর’ আয়োজনে ১৫ জন বাংলাদেশি শিল্পী পারফর্ম করবেন।
এ কর্মসূচির পরই বাউল পদযাত্রার আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের বিভিন্ন অঞ্চলের বাউলদের নিয়ে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল’ গঠন করা হয়েছে। এখানে থেকে ১০০ জন বাউল এই পদযাত্রায় অংশ নেবেন। পরে বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে বাউলগান পরিবেশন করবেন তাঁরা। সব এলাকায় স্থানীয় শিল্পীরাও এতে যোগ দেবেন। থাকবে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরাও। ‘শিল্পের শহর’ কর্মসূচিতে ১৫ দিন পরপর পর্যায়ক্রমে নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। আগামী শীতে এই কর্মসূচির আওতায় উন্মুক্ত স্থানে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

‘শিল্পের শহর’ কর্মসূচি একসময় ছড়িয়ে পড়বে দেশের সব কটি বিভাগীয় ও জেলা শহরে। তিন মাস অন্তর প্রতিটি জেলার শিল্পকলা একাডেমিতে বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
চিত্রকলায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনচিত্র
সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবে হারাতে বসেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরজুড়ে সেসব ভাষা ও সংস্কৃতির নানা অনুষঙ্গ সংগ্রহ করেছে। এবার সেসব সংগ্রহ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘চিত্রকলায় ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান, এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ২১ জুলাই সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ৫০ জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বান্দরবান, রাজশাহী, সিলেট, দিনাজপুর, নেত্রকোনা, নাটোর, মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠী অঞ্চলে যান। তাঁরা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। স্থিরচিত্র ও স্কেচ তৈরি করে ঢাকায় ফিরেছেন। আগামী ২ আগস্ট থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় তিন দিনের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। শিল্পীদের সংগ্রহ করা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার তথ্য-উপাত্ত, স্থিরচিত্র ও স্কেচের ওপর ভিত্তি করে আর্ট ক্যাম্পে ৫০ ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনের ওপর ছবি আঁকবেন। সেখান থেকে ১৫০টি চিত্রকর্ম নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রকাশ করা হবে ছবি ও তথ্যবহুল একটি ক্যাটালগ।
লিয়াকত আলী লাকী বলেন, ‘বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির লীলাভূমি। আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমারবৃত্তি আমাদের সংস্কৃতির তাৎপর্যপূর্ণ অংশ। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। সেসব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গগুলো যথাযথভাবে বিকশিত হচ্ছে না। সেগুলো সংগ্রহ করে চিত্রশিল্পে উপস্থাপনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি।’
জাতীয় পর্যায়ে সারা দেশের ক্ষুদ্র জাতিসত্তার ওপর নেওয়া এ কর্মসূচি এবারই প্রথম। এখানে ৫০ জন ক্ষুদ্র জাতিসত্তার শিল্পী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে আছেন চাকমা, মারমা, বম, হাজং, কোচ, গাড়ো, ত্রিপুরা ও মণিপুরি শিল্পী।
‘বৃষ্টির পদাবলি’
২৯ জুলাই সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বর্ষার গান’ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘বৃষ্টির পদাবলি’ সংগীতানুষ্ঠান। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে সরকারি সংগীত মহাবিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিল্পীরা অংশ নেবেন। এ ছাড়া ৩০ জুলাই এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাকবি কায়কোবাদকে স্মরণ করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
জাতীয় শোক দিবসের আয়োজন
জাতীয় শোক দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে শুরু হচ্ছে নানা আয়োজন। এ আয়োজনের মধ্যে রয়েছে পক্ষকালব্যাপী চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের কণ্ঠে বঙ্গবন্ধুর গান, বাউলশিল্পীদের কণ্ঠে ‘বঙ্গবন্ধুর গান’, নাটক ‘মুজিব মানে মুক্তি’, নৃত্যনাট্য ‘যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা বহমান’, কবিতাপাঠের আসর ‘কবিতায় বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের কণ্ঠে বঙ্গবন্ধুর গান ও বাউলশিল্পীদের গান
সংবাদ সম্মেলনে মহাপরিচালক আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান আর্ট বিয়েনালের ১৮তম আসরে ৬৭টি দেশের শিল্পী অংশ নেবে। এ আয়োজনের মূল আসরে বাংলাদেশের ১৫ জন শিল্পীর পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১২ জন শিল্পী তাঁদের পারফরম্যান্স প্রদর্শন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, প্রযোজনা বিভাগের পরিচালক কাজী আসাদুজ্জামান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান, ‘শিল্পের শহর ঢাকা’র কিউরেটর মাহবুবুর রহমান এবং ‘শিল্পের শহর ঢাকা’য় অংশগ্রহণকারীরা।