শিল্পকলা একাডেমীতে তিনটি নতুন নাটকের প্রদর্শনী
চলতি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে পদার্পণ উপলক্ষে পালাকার ৮ অক্টোবর মঞ্চে আনছে নতুন নাটক বাংলার মাটি বাংলার জল। নাটকটি কবিগুরুর ছিন্নপত্র অবলম্বনে রচনা করেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিচ্ছেন আতাউর রহমান। মার্কিন নাট্যকার আর্থার মিলারের জন্মবার্ষিকী উপলক্ষে নাগরিক নাট্যাঙ্গন ১৭ অক্টোবর মঞ্চে আনছে দি পুশি ক্যাট অ্যান্ড দ্য প্লাম্বার। আর্থার মিলারের লেখা থেকে অনুবাদ করেছেন প্রৈতি হক এবং নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। ফকির লালন সাঁইকে নিয়ে পান্থ শাহিরয়ার লিখেছেন নাটক বারাম খানা। এটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। থিয়েটারের এই নাটকটি মঞ্চে আসছে ২২ অক্টোবর। প্রতিটি নাটকেরই মহড়া ও মঞ্চায়ন প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। জাতীয় নাট্যশালা সূত্রে জানা গেছে, প্রতিটি নাটক মঞ্চায়নের পূর্বপ্রস্তুতি হিসেবে মঞ্চায়নের আগে কারিগরি মহড়ার জন্য জাতীয় নাট্যশালার মূল হল বরাদ্দ নিয়েছে সংশ্লিষ্ট নাটকের দলগুলো।