শিল্পকলা একাডেমীতে থিয়েটার ক্লাব
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে থিয়েটার ক্লাব হচ্ছে। এরই মধ্যে জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় ৬১৪ নম্বর কক্ষটি থিয়েটার ক্লাবের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্লাবটি উদ্বোধন করা হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহকারী মহাসচিব আকতারুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যে দাবিগুলো করে আসছি, তার মধ্যে একটি ছিল এই থিয়েটার ক্লাব প্রতিষ্ঠা। গত সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি সভা হয়। সেখানে এই দাবিটি আবারও উত্থাপন করা হয়। এরপর মহাপরিচালক থিয়েটার ক্লাবের জন্য একটি কক্ষ বরাদ্দ দিতে রাজি হয়েছেন।’আকতারুজ্জামান আরও বলেন, ‘এই ক্লাবে থিয়েটারবিষয়ক আড্ডা হবে। পাশাপাশি থিয়েটারকর্মীদের জন্য গ্রন্থাগার ও মাল্টিমিডিয়া ব্যবহারের সুযোগ থাকবে। আমরা মনে করি, গ্রুপ থিয়েটারের নানা ধরনের কার্যক্রম পরিচালনা ও নাট্যকর্মীদের উচ্চতর থিয়েটারচর্চার ক্ষেত্রে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’