শিল্পকলা একাডেমীতে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী গতকাল বুধবার ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক সৈয়দ শামসুল হক। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর সচিব মনজুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক মাহমুদ সেলিম।আলোচনা পর্বের পর পিপলস থিয়েটারের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘দুখিনী বাংলা জননী বাংলা’ ও ‘যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা’ গান দুটি পরিবেশন করেন। ইয়াসমিন আলী একক কণ্ঠে শোনান ‘মুজিবুর আছে বাংলার ঘরে ঘরে’ গানটি। ঢাকা সাংস্কৃতিক দলের শিল্পীরা পরিবেশন করেন ‘ধন্য মুজিব ধন্য’ গানটি। মলয় কুমার গাঙ্গুলী ‘যদি রাত পোহালে শোনা যেত’ এবং শিল্পী শিবু রায় ‘হিমালয়ের মতো যার বিশাল বক্ষ দেখেছি’ ও ‘শোন সেই কালরাতের কথা’ দুটি গান পরিবেশন করেন। রনতা শিল্পীগোষ্ঠীর পরিবেশনা ছিল ‘আয় রে জাদু দেখ রে জাদু’ ও ‘এ লাশ আমরা রাখব কোথায়’ গান দুটি। রীনা আমিন শোনান ‘বাতাসে কান পাতলে বজ্রকণ্ঠ শুনতে পাই’ ও ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না’ গান দুটি। সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ফাইয়াজ আহমদ, ‘খ’ বিভাগে আমরিন শাহরিয়ার, ‘গ’ বিভাগে মেহেনাজ আহমেদ প্রথম হন। প্রতিযোগিতায় ২০২ জন প্রতিযোগী অংশ নেন।জাতীয় জাদুঘরে আলোচনা ও প্রদর্শনীবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর গতকাল আলোচনা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করে। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও কর্মময় জীবন নিয়ে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। সভাপতিত্ব করেন জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।আলোচনায় প্রধান অতিথির ভাষণে এইচ টি ইমাম বঙ্গবন্ধুর দেশপ্রেম, নেতৃত্ব প্রদানের অসাধারণ ক্ষমতা এবং দূরদর্শিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশকে যেভাবে গড়ে তুলছিলেন, প্রতিটি বাঙালির সেই ইতিহাস জানা প্রয়োজন।অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে কথা বলতেন বলে তিনি ‘বঙ্গবন্ধু’ থেকে ‘বিশ্ববন্ধু’তে পরিণত হন। অধ্যাপক ফকরুল আলম বলেন, বঙ্গবন্ধু অত্যন্ত কঠিন কথা সহজ করে বলতে পারতেন বলেই সাধারণ মানুষের হূদয় জয় করতে পেরেছিলেন এবং স্বাধীনতার জন্য বাঙালিদের ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।সভাপতির ভাষণে এম আজিজুর রহমান বলেন, অসাধারণ ব্যক্তিত্বের কারণে বঙ্গবন্ধু বিশ্বনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বলেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হন। এই মহামানবের শরীরী মৃত্যু হলেও তাঁর আদর্শের মৃত্যু নেই। শোক দিবস উপলক্ষে জাদুঘরের গ্যালারিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে শিশুদের আঁকা ৬৮টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।