শিল্পকলা একাডেমীর উৎসবে সাতটি জনপ্রিয় দলের যাত্রা
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যাত্রা উৎসবে সাতটি জনপ্রিয় যাত্রাদল পালা পরিবেশন করবে। সপ্তাহব্যাপী এই উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় পরীক্ষণ থিয়েটার হলে উৎসব উদ্বোধনের পর মঞ্চস্থ হবে চৈতালী অপেরার দেবী সুলতানা। প্রতিদিন পালা শুরু হবে সন্ধ্যা সাতটায়। পালা পরিবেশন করবে অগ্রগামী যাত্রা ইউনিট, আনন্দ অপেরা, নিউ রঙমহল ও সঙ্গীতা যাত্রা ইউনিট। থাকছে জ্যোৎস্না বিশ্বাসের নির্দেশনায় পালা মহীয়সী কৈকেই এবং ভিক্টর দানিয়েলের একক অভিনয়ে বিবেকের গান। উৎসবের শেষ দিন থাকছে অমলেন্দু বিশ্বাস স্মারক বক্তৃতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উপপরিচালক গোলাম সারোয়ার জানান, এ উৎসব সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন পালা মঞ্চায়নের আগে একাডেমীর মূল ফটক থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সারোয়ার বলেন, ‘দেশজ ধারার যাত্রাপালাকে অবক্ষয়-অবলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই উৎসবের আয়োজন করেছি। এখানে দেশের সেরা দলগুলো পালা পরিবেশন করবে। এ ধরনের উৎসবের মধ্য দিয়ে যাত্রার দল ও পালাগুলোকে উৎসাহ এবং পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, এর ফলে যাত্রার গুণগত মান বৃদ্ধি পাবে।’