শিল্পকলা একাডেমীর একুশে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৩ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আগামীকাল ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ প্রসঙ্গে শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী। একাডেমীর বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক মো. সোহরাব উদ্দীন।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে একক গান পরিবেশন করবেন শিল্পী শাহিন সামাদ, আব্দুল জব্বার, রফিকুল আলম, সালমা চৌধুরী প্রমুখ। আঞ্চলিক ভাষার গান গাইবেন জামাল উদ্দিন বান্না (সিলেট), কান্তা নন্দী (চট্টগ্রাম) ও মো. হাসেম (নোয়াখালী)। আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও লায়লা আফরোজ।দলীয় গান পরিবেশন করবে নজরুলসংগীত শিল্পী পরিষদ, রবীন্দ্র শিল্পী সম্মিলন পরিষদ, রণতা শিল্পী গোষ্ঠী, গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা।দলীয় নৃত্য পরিবেশনায় অংশ নেবে স্পন্দন, রেওয়াজ, নৃত্যম, ধৃতি ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র। এ ছাড়া ক্ষুদ্র-নৃগোষ্ঠী এবং বিদেশি শিল্পীদের পরিবেশনাও থাকবে এ আয়োজনে।