শিল্পকলা ও ফেডারেশনের যৌথ অভিনয় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চনাটকে এই প্রথম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিল্পকলা একাডেমী যৌথভাবে অভিনয় কর্মশালা করল। শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে ১৫ দিনব্যাপী এই অভিনয় কর্মশালা গত ২৯ জুন শেষ হয়েছে।সারা দেশ থেকে প্রায় ২০ জন নাট্যকর্মী এতে অংশ নেন। কর্মশালায় অভিনয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মূল প্রশিক্ষক হিসেবে ছিলেন ফেডারেশনের পক্ষ থেকে সাইদুর রহমান লিপন আর শিল্পকলার পক্ষ থেকে এহসানুল হক ও লাক্ষা চাকমা। এ ছাড়া বিশিষ্ট নাট্যজন হিসেবে রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আতাউর রহমান ও লিয়াকত আলী লাকী চার দিন চারটি লেকচার ক্লাস নিয়েছেন।কর্মশালা প্রসঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে ঝুনা চৌধুরী বলেন, ‘আমরা শিল্পকলার সহযোগিতা নিয়ে প্রথম এ ধরনের কাজ সফলভাবে শেষ করলাম। বর্তমান সময়ে এ ধরনের কর্মকাণ্ডে শিল্পকলার মহাপরিচালক খুবই আন্তরিক। একইভাবে শিল্পকলার সহযোগিতা নিয়ে ৩১ জুলাই সারা দেশ থেকে নারী নাট্যকর্মীদের নিয়ে মতবিনিময় ও কর্মশালার আয়োজন হাতে নেওয়া হয়েছে। আশা করছি, সারা দেশ থেকে ৭০ থেকে ৭৫ জন নারী নাট্যকর্মী অংশ নেবেন এ কর্মশালায়।’