
চলচ্চিত্র, কথা, গান আর আলোকচিত্রে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘তারেক মাসুদ উৎসব’। দ্বিতীয়বারের মতো এই উৎসব আয়োজনের প্রথম দিন ছিল গতকাল শুক্রবার।
৬ ডিসেম্বর ছিল চলচ্চিত্রকার তারেক মাসুদের ৫৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর জীবন ও কর্ম উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হয়েছে এই উৎসব।
প্রথমে ছিল শিল্পী আনুশেহ আনাদিলের নেতৃত্বে ‘বাংলা’ ব্যান্ডের পরিবেশনা। সেখানে ছিল লালন শাহের ‘কে বোঝে মওলার আলেকবাজি’, ‘সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে’; রবীন্দ্রনাথের ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে’; নজরুলের ‘তেপান্তরের মাঠে’, শাহ আবদুল করিমের ‘বাঁচি না বাঁচি রে বন্ধু’ আর তারেক মাসুদের ‘রাধা যেমন সাদা সখী’, ‘পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়’, ‘যদি বেহেশতে যাইতে চাও গো’, ‘মন দিয়ে পড় আসল মাদ্রাসায়’ গানগুলো।
এরপর মিশুক মুনীরের চিত্রগ্রহণ এবং তারেক ও ক্যাথরিন মাসুদের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিও ‘কানার হাটবাজার’ প্রদর্শিত হয়। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তারেক মাসুদের শেষ চলচ্চিত্র রানওয়ের নির্মাণ থেকে প্রদর্শনের পেছনের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র স্মৃতিকথায় রানওয়ে প্রথমবারের মতো প্রদর্শিত হয়। এরপর চলচ্চিত্রটির ডিভিডি প্রকাশ করেন এর নির্মাণশিল্পী ও কর্মীরা।
সবশেষে প্রকাশিত হয় তারেক মাসুদের প্রথম চলচ্চিত্র, শিল্পী এস এম সুলতানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র আদম সুরত-এর ডিভিডি। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
আজ উৎসবের শেষ দিনে থাকছে তারেক মাসুদের গান ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। ‘তারেক মাসুদের চলচ্চিত্র: বাঙালি জাতীয়তার নতুন মানচিত্র’ নিয়ে স্মারক বক্তৃতা দেবেন কবি ও প্রাবন্ধিক সাজ্জাদ শরিফ। বিকেল তিনটা থেকে আজকের অনুষ্ঠান শুরু হবে নাট্যশালা মিলনায়তনে।