শিল্পকলায় পুতুল নাট্য উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের আয়োজনে ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুতুল নাট্য উৎসব ২০১৩। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পুতুল নাট্য দলের অংশগ্রহণে একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ উৎসব চলবে। এ ছাড়া, ২১ মার্চ সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমীও প্রথমবারের মতো বিশ্ব পুতুল নাট্য দিবস উদ্যাপন করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস. এম. সালাউদ্দিন জানিয়েছেন, ১৮ মার্চ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী পুতুল নাট্য উবৎস ২০১৩ উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ। এদিকে বিশ্ব পুতুল নাট্য দিবস উপলক্ষে ২১ মার্চ বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমী থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি একাডেমী থেকে মৎস্য ভবন এবং প্রেসক্লাব হয়ে আবার শিল্পকলায় ফিরবে। সন্ধ্যায় ‘মহুয়া’ পালা প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।