শিল্পকলায় বিচিত্র নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানের শেষ দিনে সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানের শেষ দিনে সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে/ প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম’—গানের সঙ্গে নাচ। জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই পরিবেশনা তৈরি করল নজরুলময় আবহ। লাল পাড়ের সাদা শাড়ি পরে শিল্পীরা নাচের একপর্যায়ে ফুল আর প্রদীপ হাতে তুলে নিলেন। গানের কথা আর নৃত্য মিলেমিশে যেন একাকার হয়ে গেল।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল শেষ হলো নজরুলজয়ন্তীর এ আয়োজন। সমাপনী সন্ধ্যায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজন ছোট, কিন্তু তা ছিল নজরুলের মতোই বৈচিত্র্যময়। ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’, ‘চল্ চল্ চল্’ গানের সুরে দলীয় নৃত্য পরিবেশন করে আনিসুল ইসলামের পরিচালনায় সৃষ্টি কালচারাল একাডেমি। সম্মেলক নৃত্য পরিবেশন করে লায়লা হাসানের পরিচালনায় নটরাজ এবং মুনমুন আহমেদের পরিচালনায় রেওয়াজ পারফর্মিং আর্ট। সম্মেলক কণ্ঠে ‘জয় হোক জয় হোক’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’ গান দুটি পরিবেশন করে নজরুল ইনস্টিটিউট। শিল্পকলা একাডেমীর রেপার্টরি গানের দল পরিবেশিত গানের শিরোনাম ছিল ‘দাও শৌর্য দাও ধৈর্য’। একক গান শোনান শিল্পী খালিদ হোসেন, রেবেকা সুলতানা, সুমন চৌধুরী, ফাতেমা-তুজ-জোহরা, ডালিয়া নওশিন, নাসিমা শাহীন, অনিন্দিতা রায়, মফিজ, শামীমা পারভীন, রওশন আরা, সঞ্জয় কবিরাজ ও সোনিয়া আলী। আবৃত্তি পরিবেশন বাকশিল্পী শিমুল মুস্তাফা, ঝর্ণা সরকার ও ফয়জুল্লাহ।