শিল্পকলায় যাত্রাপালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপবান ও মেঘে ঢাকা তারা—এই যাত্রাপালা দুটি মঞ্চায়নের মধ্য দিয়ে গত রোববার শেষ হলো শিল্পকলায় দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশেষ যাত্রা উৎসব। সমাপনী দিনে প্রাণভরে নগরবাসী যাত্রাপালা দুটি উপভোগ করেছেন। যাত্রাশিল্পকে বাঁচাতে যাত্রাপাগল কিছু মানুষের আবেদনের সঙ্গে মিলে সরকারও এগিয়ে এসেছে। আর তাই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় পর্বের সাহিত্যমানসম্পন্ন ও লোকজ আঙ্গিকের পালা সমন্বয়ে যাত্রাপালার পরীক্ষামূলক মঞ্চায়ন। তিন দিনের এই যাত্রা প্রদর্শনীতে প্রতিদিনই তিনজন করে বিচারক ছিলেন। শুধু মানসম্পন্ন পালা প্রদর্শিত দলকেই নিবন্ধনের আওতায় আনা হবে। এ তথ্য একাডেমী কর্তৃপক্ষের।উৎসবের শেষ দিন রোববার সন্ধ্যায় ঢাকার বাংলার বাণী অপেরা পরিবেশন করে রূপবান এবং মাগুরার চৈতালী অপেরা পরিবেশন করে মেঘে ঢাকা তারা। যাত্রার সংলাপ ও বাদকদের ক্ল্যারিনেট-ফ্লুট বাদন শ্রোতা-দর্শকের হূদয় স্পর্শ করে। যাত্রাগানের জারকরসে সিক্ত হন ঢাকার দর্শক। যাত্রাপালার প্রতি দর্শকদের আগ্রহ দেখে একাডেমী কর্তৃপক্ষ যাত্রাশিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে বলে জানান একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। এই যাত্রা উৎসবে মোট নয়টি পালা প্রদর্শনের কথা থাকলেও হয়েছে সাতটি। ৮ মার্চ একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এই বিশেষ যাত্রা প্রদর্শনী শুরু হয়। এর আগে প্রথম পর্বের চার দিনের প্রদর্শনীতে গত জানুয়ারি মাসে অংশ নেয় নয়টি দল। এবার উৎসবে আর যে পালাগুলো মঞ্চায়িত হয়েছে, তা হলো আনন্দ অপেরার মা মাটি মানুষ, নিউ ভোলানাথ অপেরার চরিত্রহীন, সুন্দরবন অপেরার দেবী সুলতানা, ব্রহ্মপুত্র যাত্রা ইউনিটের স্বামীর চিতা জ্বলছে এবং নরসুন্দা অপেরার মতিমালা।নিউ ভোলানাথের চরিত্রহীন দেখে যাত্রাপালার এক দর্শক অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ বলেন, ‘যাত্রা যে লোকশিক্ষার বাহন, তা এই পালা দেখলেই এর সত্যতা পাওয়া যাবে।’