শিল্পকলায় রক্তাক্ত প্রান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মুনীর চৌধুরীর ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তরকে যাত্রায় রূপদান করে মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। নিয়মিত মহড়া হচ্ছে জাতীয় নাট্যশালার একটি কক্ষে। জাতীয় যাত্রা উৎসবে পুরস্কৃত অভিনেতা-নির্দেশক সুলতান সেলিম রক্তাক্ত প্রান্তর-এর নির্দেশনা দিচ্ছেন। সহযোগী নির্দেশক হিসেবে আছেন শহীদ আহেমদ। নাটকটি শিল্পকলা একাডেমীর উদ্যোগে, নাট্যকলা বিভাগের ব্যবস্থাপনায় ২৮ জুন উদ্বোধনী মঞ্চায়ন হবে নাট্য পরীক্ষণ থিয়েটার হলে। ২৯ জুন একই হলে এটি পুনঃমঞ্চস্থ হবে। এই পালায় অভিনয়ের জন্য ঢাকায় বসবাসকারী যাত্রাশিল্পী, ঈশা খাঁ যাত্রাপালার অভিনেতা ও নাট্যাঙ্গনের কুশীলবদের মৌখিক পাঠদান শেষে নির্বাচন করা হয়েছে। নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের সেট ডিজাইনার পূর্ণালাক্ষ চাকমা প্রযোজনাসংক্রান্ত সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন কর্মসূচির আওতায় এই যাত্রাপালা প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করেছে শিল্পকলা একাডেমী।

শিল্পকলা একাডেমী একটি পেশাদার দল গঠন করতে চায়। তারই পরীক্ষামূলক প্রস্তুতি এটি—এমনটি জানান প্রযোজনার সঙ্গে জড়িত এক কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘কিছু কিছু নাটক আছে যা সহজে যাত্রায় রূপান্তর করা যায়। এই উদ্যোগ সফল হলে পালাসংকট দূর হবে।

দেশীয় পালাকারেরাও পালা লিখতে আগ্রহী হবেন। শহীদ মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকটির সঙ্গে শিক্ষিতজনদের পরিচয় রয়েছে। এটি যদি যাত্রার মাধ্যমে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আপামর যাত্রাদর্শক লাভবান হবেন।’

শিল্পকলা একাডেমী এর আগে ঈশা খাঁ যাত্রাপালা মঞ্চে এনে প্রশংসিত হয়।