
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে গত সোমবার থেকে শুরু হয়েছে ‘নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩’। একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল মিলনায়তন এবং পরীক্ষণ থিয়েটার হলে ১২টি নাটক নিয়ে আয়োজিত এ উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। গতকাল মঙ্গলবার মঞ্চস্থ হয় দুটি নাটক আমিনা সুন্দরী ও লাল জমিন।
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী। প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে নাটকটির গল্প। অভিনয় করেছেন সেলিম মাহবুব, চন্দন রেজা, তানিয়া চৌধুরী, কামরুজ্জামান মিল্লাত, দীপ্তা রক্ষিত, প্রশান্ত হালদার প্রমুখ।
পরীক্ষণ থিয়েটারে নাট্য সংগঠন ‘শূন্যন’ মঞ্চস্থ করে লাল জমিন। মান্নান হীরার রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত নাটকটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।