শিল্পকলার গ্রন্থাগারের কথা অনেকে জানেই না

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি কেন্দ্র ভবন। ঠিক তৃতীয় তলায় পৌঁছে একটু এগিয়ে গেলে চোখে পড়বে একটি ব্যানার: ‘শিল্পকলা গ্রন্থাগার’। দুটি ছোট নামফলক ছাড়া বাইরে থেকে গ্রন্থাগারটির অবস্থান জানার কোনো উপায় নেই। গ্রন্থাগারে তেমন পাঠকও আসেন না।
এই যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাইলুন নাহার জানতেন না যে এখানে গ্রন্থাগারটি আছে। তিনি গৌড়ীয় নৃত্যের একটি কর্মশালায় অংশ নিতে শিল্পকলা একাডেমিতে এসেছেন। গ্রন্থাগারে এসেছেন নৃত্যবিষয়ক বইয়ের জন্য। তিনি বলেন, ‘প্রথমে আমি গ্রন্থাগারটির কথা জানতাম না। কোথাও কোনো দিকনির্দেশনা নেই। এখানকার কয়েকজনকে জিজ্ঞাসা করার পর আমাকে দেখিয়ে দেয়।’ ভবনের বাইরে একটি সাইনবোর্ড থাকলে অনেকে এর কথা জানতে পারতেন—মন্তব্য তাঁর।
আরণ্যক নাট্যদলের কর্মী জুবায়ের জাহিদ বলেন, ‘এখানে শিল্প–সংস্কৃতির বিশেষ করে নাটকের বই পাওয়া যায়, তাই আসি। তবে গ্রন্থাগারের কথা অনেকেই জানেন না।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বললেন, ‘প্রচারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞ এনে লেকচার ও ওয়ার্কশপ করেছি। তবে কর্মসূচিটি অনিয়মিত।’ পাঠক বাড়াতে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ফেডারেশনকে তিনি চিঠি দিয়েছেন। কিন্তু সাড়া আশাব্যঞ্জক নয়।
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দপ্তর থেকে জানানো হয়, ১৯৭৭ সালের ২২ অক্টোবর তিন হাজার বই নিয়ে গ্রন্থাগারটির যাত্রা শুরু হয়। বর্তমানে দেশি-বিদেশি প্রায় আট হাজার বই আছে এখানে।
গ্রন্থাগার ঘুরে দেখা যায়, এখানে আছে চারুকলা, সংগীত, নাটক, মুক্তিযুদ্ধ, যাত্রা ও নৃত্যের ওপর বই। আছে শিল্প–সংস্কৃতিবিষয়ক বিশ্বকোষ, মুক্তিযুদ্ধের দলিলপত্র, বিভিন্ন মনীষীর জীবনী। একাডেমির সহকারী পরিচালক (প্রকাশনা ও বিক্রয়) মো. জসীম উদ্দিন বলেন, এখানকার প্রায় ৫০ শতাংশ বই চারুকলা বিষয়ে। আরেকটি বিশেষ দিক হলো, এখানে যাত্রার অনেক দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে।
এ মাসের শুরুর দিকে এক দুপুরে শিল্পকলা গ্রন্থাগারে গিয়ে দেখা যায়, পাঠক মাত্র তিনজন। তাঁদের মধ্যে দুজন শিল্পকলা একাডেমির কর্মচারী। হাজিরা খাতায় গত জুলাই ও আগস্ট মাসের হিসাবে দেখা গেছে, প্রতিদিন গড়ে চার-পাঁচজন পাঠক এসেছেন। আরও দুই দিন ভিন্ন সময়ে গিয়ে একই চিত্র দেখা গেছে।
সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই গ্রন্থাগার খোলা থাকে। এ সময়সূচিকেও পাঠক-খরার অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। পাঠক জুবায়ের জাহিদ বলেন, ‘আমরা নাট্যকর্মীরা মূলত এখানে বিকেলের দিকে আসি। আর তখনই এটি বন্ধ হয়ে যায়।’ সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বলে সময়ের পরিবর্তন করা সম্ভব হচ্ছে না।
এখান থেকে বাসায় বই নেওয়া যায় না। তবে ফটোকপি করা যায়। গ্রন্থাগারটি ব্যবহারের সুনির্দিষ্ট কোনো নীতিমালাও নেই। এ বিষয়ে লিয়াকত আলী বলেন, ‘এ বিষয়ে এই মুহূর্তে বলতে পারছি না। তবে না থাকলে করার উদ্যোগ নেওয়া হবে।’
গ্রন্থাগারটির বাজেট বছরে এক লাখ টাকা। লিয়াকত আলী বলেন, মাঝেমধ্যে অন্য খাত থেকেও গ্রন্থাগারের জন্য অর্থ বরাদ্দ করা হয়। আর গ্রন্থাগারিক সুতনুকা হক বলেন, এই টাকা দিয়ে প্রতিবছর বই কেনা হয়, উন্নয়নকাজে ব্যয় করা হয়। তবে এই টাকা পর্যাপ্ত নয়।