
এক মঞ্চে নাচলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, শুক্লা সরকার, তামান্না রহমানের মতো শিল্পীরা। তাঁরা সবাই বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত বছরব্যাপী ‘শাস্ত্রীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্য, সেতার ও সরোদ বাদন’ কর্মশালায় অন্যতম প্রশিক্ষক। উদ্বোধনী দিনে বরেণ্য এসব শিল্পীর পরিবেশনা গতকালের সন্ধ্যাটিকে সার্থক করেছিল।
গতকাল রোববার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বছরব্যাপী কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগীতজ্ঞ ওস্তাদ মো. ইয়াছিন খান। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি সংস্কৃতিসচিব বেগম আক্তারী মমতাজ। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাওকাত ফারুক। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন কর্মশালার প্রশিক্ষকেরা।
বছরব্যাপী এ কর্মশালায় অন্য প্রশিক্ষকেরা হলেন লুবনা চৌধুরী (কথাকলি), বেনজীর সালাম (ওডিসি), র্যা চেল প্রিয়াংকা প্যারিস (গৌড়ীয়), শাস্ত্রীয় কণ্ঠসংগীতে অসিত দে ও প্রিয়াঙ্কা গোপ, সেতারে ফিরোজ খান ও রিনাত ফৌজিয়া এবং সরোদে শাহাদত হোসেন খান ও ইউসুফ খান।