
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় দক্ষিণ এশিয়ার বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম আর বিশ্বখ্যাত বিভিন্ন জাদুঘরের প্রতিনিধি ও শিল্পসমালোচকদের নিয়ে শিল্পকলার এক বর্ণাঢ্য আয়োজন ‘ঢাকা আর্ট সামিট’ শুরু হচ্ছে আজ শুক্রবার। সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে তিন দিনের এই আয়োজন করেছে। চিত্রশালায় সামিটের কার্যক্রম চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ঢাকা আর্ট সামিটের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সামদানি আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক সোবহান ও সামিটের পরিচালক নাদিয়া সামদানি। প্রদর্শনীর প্রথম দিন আজ শুধু ভিআইপি পাস পাওয়া দর্শকদের জন্য। পরের দুই দিন খোলা থাকবে সবার জন্য।
এ বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আর্ট সামিট। শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়ে প্রথম সামিট হয়েছিল ২০১২ সালে। সামিটে প্রধান সহযোগিতা দিয়েছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট গ্রুপ। সহযোগিতায় রয়েছে ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রঁসেজ, সুইস প্রো হেলভেশিয়া ও বৃত্ত আর্টস ট্রাস্ট।
আয়োজকেরা জানান, দক্ষিণ এশীয় শিল্প উন্নয়ন, বাংলাদেশে জাদুঘর মানসম্পন্ন প্রদর্শনী আয়োজন ও আন্তর্জাতিক শিল্প উন্নয়নের জন্য এই অঞ্চলের ২৫০ জনের বেশি শিল্পীর শিল্পকর্ম তুলে ধরা হবে সামিটে। এ ছাড়া থাকবে আলোচনা, পরীক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শন, একক ও সংরক্ষিত প্রদর্শনী, একটি উচ্চাকাঙ্ক্ষী শিল্প উদ্যোগ এবং স্থানীয় ও আন্তর্জাতিক ৩৩টি গ্যালারির উপস্থাপনা।
আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শিল্পীদের উল্লেখযোগ্য শিল্পকর্ম থাকবে প্রদর্শনীতে। এর মধ্যে থাকবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী জিতীশ কাল্লাত, রুনা ইসলাম, শিল্পা গুপ্ত, শাজিয়া সিকান্দার, রশীদ রানা এবং নিখিল চোপরার উল্লেখযোগ্য শিল্পকর্ম। আলোচনা সভায় অংশ নেবেন বিশ্বখ্যাত টেট মডার্ন, ব্রিটিশ মিউজিয়াম, সেন্টার পম্পিডু এবং সলোমন আর গুগেনহাইম জাদুঘরের প্রতিনিধিসহ অন্যরা।