মরমি এই বাউলসাধক লালন সাঁই-এর ১২২তম তিরোধান দিবস আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে চার দিনের ‘লালন উৎসব’। আজ সোমবার একাডেমী প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। উৎসবের প্রথম তিন দিন থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। শেষ দিন আলোচনা সভা ও লালনসংগীত পরিবেশিত হবে।গতকাল রোববার দুপুরে শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মহাপরিচালক লিয়াকত আলী, সচিব মনজুরুর রহমান, সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক মাহমুদ সেলিম প্রমুখ।এতে জানানো হয়, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রখ্যাত লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন। এরপর লালনের জীবনভিত্তিক চলচ্চিত্র অচিন পাখি প্রদর্শিত হবে। এরপর মঙ্গলবার মনের মানুষ ও বুধবার লালন চলচ্চিত্র প্রদর্শিত হবে। বৃহস্পতিবার রয়েছে লালনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সংগীতানুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি আবদুল জলিল। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।রিভারস অব দি ওয়ার্ল্ডদি হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ আয়োজনে শুরু হলো ‘রিভারস অব দি ওয়ার্ল্ড’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী হয়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও ঢাকা আর্ট সেন্টারে। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে খ্যাতিমান কার্টুনিস্ট আহসান হাবীব প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু টিলক এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামের পরিচালক রভিন ডেভিস। অনুষ্ঠান শুরু হয় খুদে শিল্পীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলশিক্ষার্থীদের আঁকা নদ-নদীভিত্তিক চিত্রকলা নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। এর মূল আকর্ষণ হিসেবে রয়েছে সিলেট অঞ্চলের সুরমা নদী ও নদীভিত্তিক সংস্কৃতির ওপর ভিত্তি করে কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমামের তত্ত্বাবধানে খুদে আঁকিয়েদের ছয়টি বিশেষ চিত্রকলা। এ ছাড়া প্রদর্শনীর আওতায় আর্ট সেন্টারে প্রদর্শিত হচ্ছে তামান্না তাসনীমের আলোকচিত্র। প্রদর্শনীটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। ওবায়দুল ইসলাম স্মরণে শোকসভাবিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক এবং বাংলা একাডেমীর সাবেক পরিচালক ওবায়দুল ইসলামের স্মরণে রোববার এক শোকসভার আয়োজন করা হয়। বাংলা একাডেমী আয়োজিত এই শোকসভা অনুষ্ঠিত হয় একাডেমীর সেমিনার কক্ষে। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। শোকসভায় স্মৃতিচারণা করেন মরহুমের পরিবারের পক্ষে ছোটভাই ইমদাদুল হক বিশ্বাস, জামাতা জাকির হোসেন, ভাগনে মিজানুর রহমান এবং বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, পরিচালক মোহাম্মদ আবদুল হাই, আবদুল ওয়াহাব, শাহিদা খাতুন, মোবারক হোসেন ও উপপরিচালক মুর্শিদ আনোয়ার। ওবায়দুল হক বার্ধক্যজনিত নানা রোগে গত ৫ অক্টোবর ইন্তেকাল করেন।সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ‘ওবায়দুল ইসলামের মতো ভাষা-সচেতন ও সাহিত্যসুবেদী মানুষ একালে বিরল। আমাদের সাহিত্যাঙ্গনে দীর্ঘদিন তাঁর অভাব অনুভূত হবে।’স্মৃতিচারণায় অন্য বক্তারা বলেন, বাংলা একাডেমীর কর্মজীবনে প্রশাসনিক দক্ষতার সঙ্গে ওবায়দুল হকের হূদয়বাদী দিকটির গভীর সংযোগ ঘটেছিল। মানবিক গুণে তিনি ছিলেন অনন্য এক মানুষ। একাডেমীর সঙ্গে তাঁর সম্পর্ক কেবল আনুষ্ঠানিক ছিল না। কর্মস্থলকে তিনি প্রাণের প্রতিষ্ঠান হিসেবে বরণ করে নিয়েছিলেন।বুড়ো শালিকের ঘাড়ে রোঁশাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যসংগঠন দিক থিয়েটারের ২০তম প্রযোজনা বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকের একটি বিশেষ প্রদর্শনী হবে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রোঁ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন চিন্ময় সরকার।প্রদর্শনীর টিকিট বিক্রির সব টাকা ক্যানসার (অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া) আক্রান্ত কিশোর ইমরান হাসানের পরিবারকে দেওয়া হবে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে বর্তমানে প্রায় ১৬ লাখ টাকা এবং তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।