শিল্পকলায় আপন পথের যাত্রী
কবিতা আবৃত্তি শোনার জন্য টিকিট কেটে দর্শক ঢুকছেন মিলনায়তনে, এমন দৃশ্য কমই দেখা যায়। গতকাল শনিবার জাতীয় নাট্যশালায় আয়োজিত সংবৃতার অনুষ্ঠানে দেখা গেল এমনটি। সেখানে মঞ্চস্থ হয়েছে সংগঠনের সপ্তম আবৃত্তি প্রযোজনা ‘আপন পথের যাত্রী’। এটি ছিল প্রযোজনাটির প্রথম মঞ্চায়ন।‘আপন পথের যাত্রী’তে প্রায় ২৪টি একক ও একটি দলীয় আবৃত্তি শুনেছেন দর্শক। একক আবৃত্তিতে অংশ নিয়েছেন সংগঠনের সদস্য জালাল উদ্দিন, ফারহানা আহমেদ, কাজী রাজেশ, সামছুদ্দোহা ও লাবণ্য শিল্পী। তাঁদের পরিবেশনায় ছিল রবীন্দ্রনাথের ‘রূপ-নারানের কূলে’, ‘একটি দিন’, ‘পরিচয়’, ‘মৃত্যুঞ্জয়’, ‘অপমানিত’; কাজী নজরুল ইসলামের ‘ফাল্গুনী’, ‘জাতের নামে বজ্জাতি’, ‘অভিযান’, ‘মন্দির ও মসজিদ’; আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’; রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘লাশগুলো আবার দাঁড়াক’; নির্মলেন্দু গুণের ‘আমার চোখের যোগ্য একটি সুন্দর পৃথিবী চাই’ কবিতাগুলো। এ ছাড়া সংগঠনের শিল্পীরা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘হাড়েরও ঘরখানি’ সমবেতভাবে আবৃত্তি করেন।শিল্পী শোভন সোম স্মরণসভাবাংলা ভাষায় শিল্পসমালোচনা নিয়ে যে কয়জন কাজ করেছেন তাঁদের মধ্যে অগ্রণী শোভন সোম। ১৯৩২ সালে সিলেটে তাঁর জন্ম। তারপর চলে গেলেন পশ্চিমবঙ্গে। সেখানে চিত্রকলার ওপর ডিপ্লোমা করলেন। পড়লেন বাংলায়। লিখেছেন কবিতা। দুই বাংলার শ্রেষ্ঠ কবিতাসমগ্রে অন্তর্ভুক্ত হয়েছে তাঁর কবিতা। বাংলাদেশের কবিরা কবি শোভন সোমকে বেশ ভালোভাবেই চিনতেন। আর বেশ পরিণত বয়সে কাজ শুরু করলেন চিত্রকলা নিয়ে। তবে যতটা না আঁকাআঁকিতে, তাঁর চেয়েও বেশি চিত্র সমালোচনায়। আর এ ক্ষেত্রেই ছিলেন তিনি সবচেয়ে এগিয়ে।সম্প্রতি প্রয়াত এই শিল্পী ও শিল্পসমালোচককে নিয়ে গতকাল শনিবার ঢাকা আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা। শোভন সোমের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন নিসার হোসেন, সৈয়দ আজিজুল হক, মঈনুদ্দিন খালেদ, নীরু পারভিন প্রমুখ। আলোচকেরা বলেন, বাংলাদেশের জয়নুল আবেদিন, কামরুল হাসান ও সফিউদ্দিনকে নিয়ে বাংলাদেশিদের আগে প্রবন্ধ লিখেছিলেন শোভন সোম। আর তা প্রকাশিত হয়েছে দেশ পত্রিকায়। এই প্রবন্ধ এতই সমৃদ্ধ যে তা যদি বই আকারে প্রকাশ করা না হয়, তবে অনেক কিছুই অজানা রয়ে যাবে বাংলাদেশে চিত্রসংশ্লিষ্ট অনেকের। বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী পিএইচডি করেছেন তাঁর তত্ত্বাবধানে। তিনি রবীন্দ্রনাথের চিত্রকর্ম নিয়ে ব্যাপক কাজ করেছেন। ভারতীয় সভ্যতার নিরিখে আমাদের শিল্পের কী অবস্থা তা তিনি বিশ্লেষণের চেষ্টা করেছেন। মাটিলগ্ন, মানুষলগ্ন শিল্প নিয়ে কাজ করার প্রবল আগ্রহ ছিল এই গুণী চিত্রসমালোচক শোভন সোমের। বাংলাদেশের চিত্রকর্ম নিয়ে কাজ করা এই সমালোচকের প্রতি তাই এখানকার শিল্পীরা গতকাল জানালেন গভীর শ্রদ্ধা।বিশ্বসংগীত দিবসের আয়োজন আগামীকাল ২১ জুন বিশ্বসংগীত দিবস। এ উপলক্ষে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘সংগীত স্বজন এসো মিলি সুরের বাঁধনে’ স্লোগানে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধন করবেন প্রবীণ সংগীতজ্ঞ সোহরাব হোসেন। এতে থাকবে রাখীবন্ধন, শোকপ্রস্তাব পাঠ, সম্মেলক গান ও শোভাযাত্রা। গতকাল শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্দেশে। সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিশ্ব আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তপন মাহমুদ, মোস্তফা জাহিদ খান, বিশ্বজিৎ রায় ও মাহমুদ সেলিম।