শিল্পকলায় আবৃত্তি বিভাগের কার্যক্রম শুরু

আবৃত্তিশিল্পীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল থেকে শিল্পকলা একাডেমীতে উদ্বোধন আবৃত্তি বিভাগের কার্যক্রম শুরু হলো। একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের সঙ্গে সংযুক্ত হওয়ায় এ বিভাগের নতুন নামকরণ করা হয়েছে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে এ বিভাগের উদ্বোধন করেন।
আলোচনা পর্বে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস ও আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর প্রমুখ। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বসেছিল আবৃত্তিশিল্পীদের মিলন মেলা। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে আবৃত্তি করে ‘বাংলাদেশে আগুন লাগা/শহর আর লক্ষ গ্রাম’।
একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। অতিথিরা শিল্পকলা একাডেমী প্রযোজিত দুটি নতুন আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে একক আবৃত্তি করেন আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ প্রমুখ।