শিল্পকলায় উদীচীর ‘হাফ আখড়াই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাফ আখড়াই ইতিহাসনির্ভর নাটক। একটি নাটকের দলের নেতাদের দ্বন্দ্বকে অবলম্বন করে গড়ে উঠেছে নাটকটি। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর হাফ আখড়াই নাটকটি মঞ্চস্থ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে। এটি উদীচীর কেন্দ্রীয় নাটক বিভাগের পঞ্চদশ প্রযোজনা। নাটকটি লিখেছেন রতন সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।নাটকটিতে দেখা যায়, ১৮০৪ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ‘আখড়াই দল’। এ দলের প্রধান রামনিধি গুপ্ত, যিনি নিধুবাবু নামে তাঁর কালে হয়ে ওঠেন অত্যন্ত জনপ্রিয় শিল্পী। নিধুবাবু বিশ্বাস করতেন, রস সৃষ্টি ব্যতীত সংগীতের আর কোনো উদ্দেশ্য নেই এবং সংগীত সবার কর্ম নয়। সংগীতের স্রষ্টা বিশেষজনেরা এবং ভোক্তা ধনী ও গুণীরা। বার্ধক্যজনিত কারণে ১৮৩২ সালে তিনি আখড়াই দলের অধ্যক্ষ পদ পরিত্যাগ করেন এবং শিষ্য মোহনচাঁদ বসুকে তিনি অধ্যক্ষ নিয়োগ করেন।দৃঢ়চেতা মোহনচাঁদ বসু দলে তাঁর নিজস্ব মত ও রীতি প্রচলন করেন। তিনি বিশ্বাস করতেন সংগীত সব মানুষের জন্য। তিনি বৈষ্ণব পদাবলি, মঙ্গলকাব্য প্রভৃতি নাট্যগুণসমৃদ্ধ বাংলা কাব্যকে উপস্থাপন করেন নিজস্ব রীতিতে। কিন্তু দলের প্রতিষ্ঠাতা রামনিধি গুপ্ত এই পরিবর্তনকে গ্রহণ করতে পারেননি বলে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মোহনচাঁদ বসু আখড়াই দল থেকে চলে গিয়ে গঠন করেন ‘হাফ আখড়াই’ দল। হাফ আখড়াই দল মাত্র এক বছরের মধ্যে কলকাতায় খুব জনপ্রিয় হয়ে ওঠে। হঠাৎ এক রাতে কে বা কারা হাফ আখড়াই দলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে মারা যান দলের অধিকাংশ সদস্য। নিঃসঙ্গ মোহনচাঁদ বসু আবার নতুন করে দল গঠনের চেষ্টা করেন।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হামিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মারুফ রহমান, শহীদুল আলম, জিয়াউর রহমান, অমিত রঞ্জন দে, নাজমুল হক, আলমগীর হোসেন, রতন দেব, আনোয়ারুল হক, ফাহমিদা হক, শারমিন আক্তার, আশরাফুন্নাহার মালা প্রমুখ।