শিল্পকলায় এশিয়ার বিখ্যাত সিনেমা
‘পথের পাঁচালী’, ‘অপুর পাঁচালী’, ‘টেস্ট অব চেরি’, ‘রশোমন’, ‘গাব্বেহ’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’–এর মতো বিখ্যাত ছবিগুলো দেখানো হবে শিল্পকলা একাডেমিতে। এশিয়ার বিখ্যাত সব ছবি নিয়ে সেখানে শুরু হয়েছে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’।
প্রতি সপ্তাহে তিনটি করে ১৯টি দেশের ৫৬ জন নির্মাতার মোট ৬৫টি ছবি দেখানো হবে এই আয়োজনে।
গতকাল শনিবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে উদ্বোধন করা হয় এই প্রদর্শনীর। এতে প্রধান অতিথি ছিলেন নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার ও নির্মাতা মোরশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। উদ্বোধনের পরই দেখানো হয় ‘ঘুড্ডি’ ছবিটি।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি এই আয়োজনে থাকবে প্রদর্শিত ছবিগুলো নিয়ে আলোচনা ও সেমিনার। এশিয়ার চলচ্চিত্রগুলোর ধরন, গতি–প্রকৃতি বিশ্লেষণ ও স্বনামধন্য চলচ্চিত্রকারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ছাড়াও প্রতি শনিবার বিকেলে সেমিনারে আলোচনা করবেন চলচ্চিত্রকর্মী, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পাঠের শিক্ষকেরা। যৌথভাবে রেট্রোস্পেক্টিভ আয়োজন করেছে মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি।