শিল্পকলায় ওডিশি নৃত্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীনতম ভারতীয় নৃত্যকলা ওডিশির দারুণ এক পরিবেশনা হয়ে গেল গতকাল শনিবার। চট্টগ্রামের ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের ষোড়শ বর্ষপূর্তি উপলক্ষে দলটির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন ওডিশি নৃত্য। এর আগে ছয়জন বরেণ্য নৃত্যশিল্পীকে জানানো হয় সম্মাননা। এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কলকাতার গুঞ্জনের পরিচালক গুরু পৌষালি মুখার্জি ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু। সভাপতিত্ব করেন চট্টগ্রামের ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের সভাপতি অধ্যাপক অনুপম সেন। এ আয়োজনে আমানুল হক, মীনু হক, সাজু আহমেদ, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, শুনুন আহমেদ ও তামান্না রহমানকে জানানো হয় সম্মাননা।
শেষে ছিল প্রমা অবন্তীর গ্রন্থনা, ভাবনা ও নৃত্য নির্মিতিতে ওডিশি নৃত্যকলা পরিবেশনা।
আজ রোববার উৎসবের শেষ দিন সন্ধ্যায় থাকছে নজরুলের জীবনভিত্তিক গীতি আলেখ্য বাঁশরী ও তূর্য হাতে কবি।