শিল্পকলায় কাল 'বাপজানের বায়োস্কোপ'

আগামীকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বাপজানের বায়োস্কোপ’। ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উত্সব’ আয়োজনের সেপ্টেম্বর মাসের চলচ্চিত্র প্রদর্শনীতে এই ছবিটির সঙ্গে দেখানো হবে আরো চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে জমা হওয়া চলচ্চিত্রগুলো থেকে বিচারকগণ চারটি স্বল্পদৈর্ঘ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র নির্বাচন করেছেন। এগুলোর মধ্যে চারটি স্বল্পদৈর্ঘ্যরই হবে উদ্বোধনী প্রদর্শনী। এগুলো হলো নাহিদা পারভীনের ‘কনটেমপ্লেশন’, আলমগীর মালেক ও জাবেদ পাটওয়ারীর ‘ডাস্ক’, আবু নাসেরের ‘প্রিয়তমেষু’ ও সাদিয়া আফরিনের ‘পাফড্ রাইস’। উৎসবে একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রিয়াজুল রাজুর ‘বাপজানের বায়োস্কোপ’।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন জানান, বিকেল সাড়ে চারটা থেকে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে যে কেউ এ ছবিগুলো দেখতে পারবেন। যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।