শিল্পকলায় গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় গণসংগীত উৎসব
শিল্পকলায় গণসংগীত উৎসব

বাংলা গানের বিকাশ ঘটেছে সুদীর্ঘকাল ধরে, নানা প্রেক্ষাপটে ও বিচিত্র পথে। যখন থেকে মানুষ সংগ্রাম শুরু করেছে শোষণ-অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে, তখন থেকেই প্রতিবাদ উঠে এসেছে গানে, কবিতায়, সুরে এবং নানা শিল্প মাধ্যমে। বাংলা ভাষাভাষী মানুষের সংগ্রামের ইতিহাস যত দিনের, তার গণসংগ্রামের গানের ইতিহাসও তত দিনের। শিল্পকলা একাডেমী আয়োজিত গণসংগীত উৎসবে মঙ্গলবার সন্ধ্যায় এমন মন্তব্য করেন বক্তারা।


গণসংগীত মুক্তির সংগীত। শোষণ, নির্যাতন, অত্যাচার অনাচারের বিরুদ্ধে গণমানুষকে উদ্দীপ্ত করার গানই হলো ‘গণসংগীত’। ভারতবর্ষে ত্রিশ-চল্লিশের দশকে যখন গণসংগীতের জোরালো চর্চা শুরু, তখন থেকে মুকুন্দ দাস, সুখেন্দু চক্রবর্তী, শেখ লুৎফর রহমান, অজিত রায়, সলিল চৌধুরী ও হেমাঙ্গ বিশ্বাসের মতো কিংবদন্তিরা সমৃদ্ধ করেছেন বাংলা গণসংগীতকে। তাঁদের স্মরণ করে অনুষ্ঠিত হলো ‘গণসংগীত উৎসব’।

মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ছিল এই আয়োজন। এ আয়োজনের শুরুতেই ছিল গণসংগীত রচয়িতা ‘মুকুন্দ দাস, সুখেন্দু চক্রবর্তী, শেখ লুৎফর রহমান, অজিত রায়, সলিল চৌধুরী ও হেমাঙ্গ বিশ্বাস’ স্মরণে আলোচনা। এ পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন গীতিকার অধ্যাপক মতলুব আলী ও গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

আলোচনা শেষে অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল, উদীচী শিল্পী গোষ্ঠী ও ঋষিজ শিল্পী গোষ্ঠী। এর পর ছিল একক সংগীত পরিবেশন। এ পর্বের শুরুতেই সংগীত পরিবেশন করেন শিল্পী ফকির আলমগীর। এরপর একে একক গান পরিবেশনের জন্য মঞ্চে আসেন শিল্পী শিমুল ইউসুফ, বুলবুল মহলানবীশ ও ইয়াসমীন আলী। অনুষ্ঠানের সব শেষে সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’-এর নৃত্যশিল্পীরা অনিক বোসের পরিচালনায় পরিবেশন করে সমবেত নৃত্য।